ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের হার
জয়ের জন্য লক্ষ্য ২১০ রান। এর মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান এনে দিয়েছেন ৬৩ ও ইমরুল কায়েস ৪১। দুজনে মিলে ১০৪ রান এনে দিলেও সহজ লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ রানের হার দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হলো স্বাগতিকদের।মিরপুরে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান সাকিব আল হাসান। অধিনায়কের সিদ্ধান্তটা যে ভুল ছিল না, তা প্রমাণ করেছেন আবদুর রাজ্জাকরা। এক ওভার বাকি থাকতেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ২০৯ রানে। তবে বোলারদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের সমান ঠিক ৪৯ ওভার খেলে স্বাগতিকরা অলআউট হয় ২০০ রানে।সহজ লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও তামিম ইকবাল এনে দেন ৪৪ রান। ২৩ রান করে ক্রিস্টোফার পোফুর শিকার হন তামিম। ৪১ রান করে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কায়েস সাজঘরে ফেরার পরই বিপর্যয় শুরু হয় বাংলাদেশের। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সাকিব। কিন্তু অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। জুনায়েদ ১১, আশরাফুল ৬, মুশফিকুর ১, সোহরাওয়ার্দী শুভ ১১, মাহমুদউল্লাহ ১৪ ও মাশরাফি ১২ রান করেন।ব্যাটসম্যানদের বিপর্যয়ের মধ্যেও জয়ের সম্ভাবনা জাগিয়ে রেখেছিলেন সাকিব। কিন্তু দলীয় ১৯৫ রানে নবম ব্যাটসম্যান হিসেবে তিনি সাজঘরে ফিরলে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। দলীয় সংগ্রহে আর পাঁচ রান যোগ হতেই বাংলাদেশের ইনিংস শেষ! পাঁচ রানে অপরাজিত থাকেন রাজ্জাক।এর আগে বাংলাদেশকে শুভ সূচনা এনে দিয়েছিলেন বোলাররা। চার উইকেট শিকার করে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামান আবদুর রাজ্জাক। দুটি করে উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ ও মাহমুদউল্লাহ।