ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলাররা বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন, পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে বেঁধে রেখে। যেটি ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। কিন্তু বোলারদের সফলতাকে ম্লান করতেই যেন মিরপুরে ‘লজ্জাজনক’ ব্যাটিংয়ের মহড়া দিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। এর পরিণতি, পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রানে হেরেছে বাংলাদেশ।পাকিস্তানকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩৬ রান। লক্ষ্যটা কঠিন ছিল না মোটেই। অথচ ন্যূনতম লড়াইয়ের নমুনা দেখানো দূরে থাক, উইকেট বিসর্জনের মিছিলে নামলেন ব্যাটসম্যানরা! মিছিলের শুরুটা করেছিলেন নাঈম ইসলাম। সেই মিছিলে একে একে যোগ দেন অলক কাপালি, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, ফরহাদ রেজা, আবদুর রাজ্জাক ও শফিউল ইসলাম। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৮৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।সংক্ষিপ্ত স্কোর—পাকিস্তান: ১৩৫/৭ (২০ ওভার)বাংলাদেশ: ৮৫/৯ (২০ ওভার)টস: পাকিস্তানফল: পাকিস্তান ৫০ রানে জয়ী।