ব্যাটসম্যানদের সমালোচনায় রিচার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা ছিল বেশ আশা-জাগানিয়া। প্রথম ইনিংসে স্যামুয়েলস-স্যামিদের দুর্দান্ত দুটি সেঞ্চুরির কল্যাণে স্কোরবোর্ডে লড়াকু পুঁজিই পেয়েছিল ক্যারিবীয়রা। কিন্তু দ্বিতীয় ইনিংসে আবার যে-সেই; তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল উইন্ডিজ ব্যাটিং লাইনআপ। এটা নিয়ে ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস নিজের খেদ লুকাতে পারলেন না, ‘ওদের ব্যাটিং ছিল খুবই অপরিণত। হ্যাঁ, ইংল্যান্ডকে তাদের ন্যায্য প্রাপ্তি দিতেই হবে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা তাদের কাজ ঠিকমতো করতে পারেনি। শট নির্বাচনেও বিস্তর সমস্যা ছিল তাদের।’ প্রথম ইনিংসে দারুণ একটা সূচনার পরও ইংল্যান্ডের স্কোর পর্বতপ্রমাণ হতে পারেনি, শেষমেশ ৪২৮ রানেই অলআউট হয়ে যায় তারা। কিন্তু উইন্ডিজ ব্যাটসম্যানরা এর ফায়দা তোলা দূরে থাক, উল্টো শেষ বিকেলে অবিবেচকের মতো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। রিচার্ডস অবশ্য বিশেষ করে দিনেশ রামদিনের সমালোচনায় বেশি মুখর, ‘ওকে দেখে পুরোই ছন্নছাড়া মনে হচ্ছিল। যখন সে প্রথম এল তখনই তাকে আমার খুবই সম্ভাবনাময় মনে হয়েছিল। এখন তো মনে হচ্ছে সে আদপেই পথ হারিয়ে ফেলেছে।’ রামদিন দুই ইনিংস মিলে মোটে ৭ রান করেছেন।এদিকে কার্ক এডওয়ার্ডসের জন্য সহানুভূতি ঝরে পড়ল ১২১ টেস্টে ৫০ গড়ে ৮৫৪০ রানের মালিক সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের কণ্ঠে, ‘ওর জন্য আমার খারাপই লাগছে। ওর বয়স এখনো কম, টেকনিকের ঘাটতি পুষিয়ে নেওয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি।’ প্রসঙ্গত, কার্ক এডওয়ার্ডস অসুস্থতার কারণে দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে নামেন, তবে প্রথম ইনিংসের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটিয়ে বিনা রানেই ফিরে যান। তবে এই ব্যাটিং জিনিয়াস ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়া টিম ব্রেসনানের প্রশংসা করতেও ভোলেননি। ‘ব্রেসনান আরেকবার প্রমাণ করল গ্ল্যামারের ঘাটতি কঠোর পরিশ্রম দিয়ে পুষিয়ে দেওয়া যায়। আমাদের প্রশংসা ওর প্রাপ্যই।’ ওয়েবসাইট।