ব্যাটসম্যানদেরও ‘কোচ’ সাকলায়েন!
বল হাতে নিয়ে রিচার্ড পাইবাসকে বললেন, ‘দেখো, এই বলটা খুব নিচু হয়ে যাবে। জানি না, ফলাফল কী হবে। তবে বল একদমই উঠবে না।’ সাকলায়েন মুশতাক বল করলেন। সত্যি সত্যি বলটা প্রায় গড়িয়ে গিয়ে ভেঙে দিল ব্যাটসম্যান জিয়াউর রহমানের স্টাম্প!জিয়া বিস্মিত। বিস্মিত পাইবাসও। বলে-কয়ে এমন বল করা কীভাবে সম্ভব! কোচ তো সাকলায়েনকে জিজ্ঞেসই করে বসলেন, ‘কী করে পারলে তুমি?’ রহস্য ভেদ করলেন সাকলায়েন। বিশেষ কৌশলে বলের পেটটা ফেলতে হবে পিচের ওপর। অনুশীলনে থাকা স্পিনারদের ডেকে নিয়ে তাৎক্ষণিক শিখিয়ে দিলেন সেই কৌশল।এটা গত পরশুর অনুশীলনের ঘটনা। ঈদের ছুটির পর পর বলে নেট বোলার কিছু কম ছিল। সাকলায়েন সে কারণেই বল হাতে নিয়েছিলেন। দীর্ঘ অনভ্যাসের কারণে কাঁধে ব্যথা অনুভব করায় বল করতে পারেননি বেশিক্ষণ। তবে প্রতিশ্রুতি দিয়েছেন, সুযোগ পেলেই হাত ঘোরাবেন নেটে।বোলার সাকলায়েনকে দেখে স্পিনারদের শেখার আছে অনেক কিছুই। তবে বাংলাদেশ দলের অনুশীলনে বোলার সাকলায়েন বড় বেশি কাঙ্ক্ষিত হয়ে উঠছেন যেন ব্যাটসম্যানদের কাছে!জহুরুল ইসলাম পরিকল্পনা করেছেন সাকলায়েনের সঙ্গে ব্যাটিং নিয়ে আলাদা কথা বলবেন। শুনে রিচার্ড পাইবাসের রাগ করার কিছু নেই। সাকলায়েনের কাছে ব্যাটিংয়ের ব্যাকরণ বুঝতে যাবেন না জহুরুল। যাবেন একজন স্পিনারের মন বুঝতে, ‘আমাদের দু-একজন ব্যাটসম্যান এরই মধ্যে ওনার (সাকলায়েন) সঙ্গে কিছু বিষয়ে কথা বলেছে। আমিও কথা বলব। আমি যখন ব্যাটিং করি, বোলিং এন্ডে দাঁড়ানো একজন বোলার আমাকে নিয়ে কী ভাবে, সেটা জানা দরকার।’কাল ব্যাটিং প্র্যাকটিস শেষে একাডেমি মাঠের মাঝে দাঁড়িয়ে সাকলায়েনের সঙ্গে কথা বলতে দেখা গেল জিয়াকেও। কী কথা হলো দুজনে? ‘ব্যাটিং করার সময় সাকলায়েনকে বলেছিলাম, একটু খেয়াল রাখতে। ব্যাটিং শেষে উনি বললেন, সবই ঠিক আছে। শুধু শট খেলার আগে মাথা নড়ে যাচ্ছে। টাইমিং হচ্ছে না সে কারণে’—বলছিলেন জিয়া। আগের দিন সাকলায়েনের বলে বোল্ড হয়ে গেলেও পেস বোলার থেকে দিনে দিনে ব্যাটসম্যান হয়ে ওঠা জিয়া খুব করে চান নেটে সাকলায়েন বল করুন, ‘সাকলায়েনের বল খেলাটাও একটা অভিজ্ঞতা। নেটে তাঁর মতো বোলারকে ঠিকভাবে খেলতে পারলে মাঠে ভালো বোলারদের খেলাটা সহজ হয়ে যাবে।’সাকলায়েনের দুসরা মৃত্যু পরোয়ানা নিয়ে আসত ব্যাটসম্যানদের জন্য। সংক্ষিপ্ত রান আপের ত্বরিত বোলিং অ্যাকশন ফেলে দিত দ্বন্দ্বে। বোলিং আস্তিনে ছিল হরেক রকমের বৈচিত্র্য। বিসিবির স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশি স্পিনারদের মধ্যে সেই বিদ্যা ছড়িয়ে দিতেই এসেছেন তিনি। একই সঙ্গে বোলার সাকলায়েন পারেন স্পিনের বিপক্ষে ব্যাটসম্যানদেরও দক্ষতা বাড়াতে। ব্যাটসম্যানদের অনেকে এই সুযোগটা নিচ্ছেনও।পায়ের ওপর আসা বলে অনেক সময় ক্রস ব্যাটে খেলে ফেলেন জুনায়েদ সিদ্দিক। স্পিনারদের এ ধরনের বল স্বচ্ছন্দে খেলার পরামর্শ চেয়েছেন তিনি সাকলায়েনের কাছে, ‘অফ স্পিনারদের খেলতে অনেক সময় সমস্যা হয় আমার। সাকলায়েনের সঙ্গে সেসব শেয়ার করেছি। উনি ভালো কিছু টিপস দিলেন। আমার বিশ্বাস এগুলো কাজে লাগবে। তার চেয়ে বড় অফ স্পিনার তো আর কেউই নন।’ সাকলায়েনের সঙ্গে আরও কিছু বিষয়েও কথা বলার ইচ্ছা আছে জুনায়েদের। কিছু জিনিস নিজ থেকে জানাচ্ছেন সাকলায়েনও, ‘তাঁর অভিজ্ঞতা থেকেও অনেক কিছু জানতে পারছি আমরা। অনেক ভালো ভালো ব্যাটসম্যানের সঙ্গে খেলেছেন তিনি। ইনজামাম কীভাবে ব্যাট করতেন, সাঈদ আনোয়ার ড্রেসিংরুমে কী করতেন—সাকলায়েন এসবও আমাদের সঙ্গে শেয়ার করছেন।’সাকলায়েন নিজ থেকে কিছু দেবেন, কিছু তাঁর কাছ থেকে চেয়ে নেবেন খেলোয়াড়েরা। বাংলাদেশ দলের ড্রেসিংরুম আর অনুশীলনে কোচের পাশাপাশি এমন একটা খোলা বইয়েরও বোধহয় দরকার ছিল। সুসংবাদ হলো, প্রচ্ছদে একজন বোলারের ছবি থাকলেও বইটা ব্যাটসম্যানেরাও পড়ার চেষ্টা করছেন।