ব্যাটসম্যানরা আমাকে সমীহ করুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট-বিশ্বে আলোড়ন তুলে শুরু তাঁর। কিন্তু পিছু লেগে থাকা চোটের কারণে যেতে পারেননি সম্ভাবনার ধারেকাছেও। তবে তাঁর বোলিং অনেককে ফিরিয়ে নিয়ে যায় ক্যারিবীয় ফাস্ট বোলিংয়ে গৌরবময় অতীতে, যেমন নিল কাল। মিরপুর টেস্ট শুরুর আগের দিন ফিদেল এডওয়ার্ডসের সঙ্গে কথা বলেছেন আরিফুল ইসলাম গত জুলাইয়ে বলেছিলেন, ‘বিশ্বের সেরা বোলার হতে চাই।’ সেই পথে যাত্রাটা কেমন হচ্ছে?ফিদেল এডওয়ার্ডস: আমার মনে হয়, আমি সঠিক পথেই আছি। চোট থেকে দুই বছর পর দলে ফিরে ভারতের মতো দলের বিপক্ষে বিশটির (৩ টেস্টে ১৯টি) মতো উইকেট পেয়েছি। ছন্দ ফিরে পেয়েছি। স্বপ্নপূরণের পথে ভালোমতোই আছি। টেস্ট র‌্যাঙ্কিংয়ে এখন আপনি ২০ নম্বরে। এক নম্বর হওয়ার পথে কীভাবে এগোতে চান?এডওয়ার্ডস: সবকিছুর আগে আমার কাছে ফিটনেস। নিজেকে পুরোপুরি ফিট রাখতে হবে। টানা লম্বা সময় ধরে খেলে যেতে হবে। আর যত বেশি সম্ভব উইকেট নিতে হবে। আমি আত্মবিশ্বাসী, ফিট থাকতে পারলে উইকেটও নিয়মিতই আসবে।  ফাস্ট বোলিংয়ে আপনার ‘দর্শন’টা কী? কোনটিকে বেশি প্রাধান্য দিতে চান?এডওয়ার্ডস: আমি সব সময়ই যত জোরে সম্ভব বল করতে চাই, গতির মজাই আলাদা। তবে বয়সের সঙ্গে সঙ্গে এটাও বুঝেছি, সব উইকেটে জোরে বোলিং করা সম্ভব নয়। কোনো কোনো উইকেটে বেশি জোরে বোলিং করলে আরও বেশি মার খেতে হয়। কখনো কখনো দলের পরিকল্পনা থাকে অন্য রকম কিছু। কখনো ম্যাচের অবস্থা বুঝে বোলিং করতে হয়। পেসটা এখনো আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে এখন অনেক বেশি মাথা খাটিয়ে বোলিং করি।  আপনার বাউন্সারে আঘাত পেয়ে শাহরিয়ার নাফীসের মাঠ ছাড়া এই সিরিজের অন্যতম আলোচিত ঘটনা। অনেক ফাস্ট বোলারই ব্যাটসম্যানকে ভূপাতিত দেখতে ভালোবাসে। আপনাকে এটা কতটা রোমাঞ্চিত করে?এডওয়ার্ডস: আমি বলব না যে, ব্যাটসম্যানদের আঘাত করতে পছন্দ করি বা রোমাঞ্চিত হই। তবে আমি একজন ফাস্ট বোলার, আমি চাই ব্যাটসম্যানরা আমাকে সমীহ করুক। ব্যাটসম্যানদের মনে খানিকটা ভয় ধরিয়ে দিতে কিংবা ব্যাকফুটে নিয়ে যেতে সব ফাস্ট বোলারই পছন্দ করে। একটু পেছনে ফিরে যাই...টেস্ট অভিষেকের আগে বারবাডোজের হয়ে মাত্র একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। নেটে আপনাকে দেখে নাকি ব্রায়ান লারা সরাসরি টেস্ট দলে নিয়ে নেন!এডওয়ার্ডস: টেস্ট অভিষেকের মাস দুয়েক আগে আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একাডেমিতে ছিলাম। ওই সময় আমি একাডেমির সেরা পেসার নির্বাচিত হয়েছিলাম। নিউজিল্যান্ডের একাডেমি দল তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল, একটা ম্যাচে আমি ১৪ উইকেট পেয়েছিলাম। আমার সম্পর্কে শুনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কয়েকজন আমার বোলিং দেখতে এসেছিল। আমি অবশ্য সেটা জানতাম না, আমার কোচ পরে বলেছিল আমাকে। এরপর জাতীয় দলের নেটে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি বুঝতে পারছিলাম, আমার বোলিং দেখে ফিসফাস শুরু হয়েছে। আমিও যত জোরে পারি বোলিং করছিলাম। ওই দিনই লারা আমাকে দেখেন। স্যার গ্যারিও (সোবার্স) সেদিন এসেছিলেন, আমাকে দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাতারাতি এত কিছু হয়ে গেল, সেই সময়ের অনুভূতিটা মনে পড়ে?এডওয়ার্ডস: ভাষায় প্রকাশ করার মতো নয়, আমি যেন তখন এই জগতে ছিলাম না। একটা ঘোরের মাঝে ছিলাম। জ্যামাইকার প্লেনে ওঠে বুঝতে পারলাম, ‘ওহ্, আমি টেস্ট খেলতে যাচ্ছি!’ এরপর টেস্ট অভিষেকে ও বিদেশের মাটিতে অভিষেকে ৫ উইকেট, ওয়ানডে অভিষেকে ৬ উইকেট—নিশ্চয়ই মনে হচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেট কতই না সহজ!এডওয়ার্ডস: শুরুটা ছিল আসলেই অদ্ভুত...অবিশ্বাস্য! তবে সত্যি বলতে, প্রথম টেস্ট ম্যাচটাই ছিল আমার কাছে ছিল সবচেয়ে সহজ। শুরুতে ব্যাটসম্যানরা আমাকে খেলতে গিয়ে অনেক বিভ্রান্তিতে থাকত। পরে ব্যাটসম্যানরা কিছুটা বুঝে ফেলে আমাকে কীভাবে খেলতে হবে। আমার জন্য কাজটা তখন অনেক কঠিন হয়ে যায়।  চোট-আঘাত তো সঙ্গী হয়ে আছে শুরু থেকেই। আপনার অ্যাকশনটাও তো এমন যে চোটের আশঙ্কা সব সময়ই থাকে...এডওয়ার্ডস: এটা ঠিক, অন্য অনেকের মতো আমার অ্যাকশনটা ঠিক মসৃণ নয়। তবে আমার মনে হয় না অ্যাকশনের কারণেই এত বেশি ইনজুরি হয়েছে। ফাস্ট বোলারদের ইনজুরি হবেই। চেষ্টা করতে হবে নিজেকে যতটা সম্ভব ইনজুরিমুক্ত রাখার। আর আমার অ্যাকশন বরাবরই এ রকম ছিল, সহজাত অ্যাকশনটা বদলানোর চেষ্টা করিনি।  ফাস্ট বোলার হওয়ার ইচ্ছাটা কি ছেলেবেলা থেকেই ছিল?এডওয়ার্ডস: স্কুলে চারে ব্যাট করতাম, সঙ্গে মোটামুটি পেস বোলিং করতাম। খেলা শুরু করেছি সম্ভবত চার-পাঁচ বছর বয়সে। প্রাইমারি স্কুলে আমি দলের সহ-অধিনায়ক ছিলাম। কিন্তু পরে ফুটবলে বেশি আগ্রহী হয়ে উঠি। ফুটবলটাই আসলে আমার প্রথম ভালোবাসা ছিল। খুব ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার, কিন্তু একবার বাঁ হাতটা ভেঙে ফেলার পর আর ফুটবলমুখী হইনি। সেকেন্ডারি স্কুলের শেষ দিকে আবার ক্রিকেটে মনোযোগী হই। অলরাউন্ডার থেকে ফাস্ট বোলার হওয়ার ইচ্ছা জাগল কেন?এডওয়ার্ডস: কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশের বোলিং দেখে। ছেলেবেলায় আমার ভাই পেড্রো কলিন্স, প্রতিবেশী কোরি কলিমোরের সঙ্গে মিলে তাঁদের বোলিং অনেক দেখতাম। আমরাও তাঁদের মতো হতে চাইতাম। ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার হওয়া কি একটু বেশি কঠিন? সবাই সেই গ্রেটদের সঙ্গে তুলনা শুরু করে...এডওয়ার্ডস: কঠিন তো অবশ্যই, সবাই খুব দ্রুত সাফল্য চায় আমাদের কাছ থেকে। এখন আরও বেশি কঠিন, কারণ ওয়েস্ট ইন্ডিজ আগের মতো জিতছে না। ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ব্যাটসম্যান মনে হয়েছে কাকে?এডওয়ার্ডস: জ্যাক ক্যালিস...আর রাহুল দ্রাবিড়। দুজনকে আউট করাই ভীষণ কঠিন। প্রতিটি বল সমান মনোযোগে খেলে ওরা, বোলারকে একটুও সুযোগ দেয় না। মাঝেমধ্যে বোলিং করে যেতেই হয়...যেতেই হয়... আপনার ডাকনামটা তো দারুণ, ‘কাস্ত্রো’, অবশ্য সতীর্থদের মনে হয় খুব বেশি ভাবতে হয়নি, ফিদেলের ডাকনাম তো কাস্ত্রোই হওয়ার কথা!এডওয়ার্ডস: (হাসি) অনেক আগে থেকেই সবাই আমাকে এই নামে ডাকে, সম্ভবত বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময়ই। তবে কাস্ত্রো ছাড়াও কিন্তু আমার আরেকটা ডাকনাম আছে, টনি। অনেক বড় একটা গল্প আছে এই নামের পেছনে, সেটা না হয় আরেক দিন বলা যাবে। যাঁর সূত্রে আপনার এই ডাকনাম, তাঁকে কতটা চেনেন?এডওয়ার্ডস: সত্যি বলতে ফিদেল কাস্ত্রো সম্পর্কে খুব বেশি কিছু জানি না। দু-তিনটা আর্টিকেল পড়েছি, স্রেফ এটুকুই। বাংলাদেশে প্রথম এলেন, কেমন লাগছে?এডওয়ার্ডস: বাংলাদেশ দলকে আমি অনেক শ্রদ্ধা করি। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে যখন খেললাম, আমি কিন্তু খুব ভালো করতে পারিনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো ওরা আমাদের হারিয়েই দিল। আর বাংলাদেশে সবই ভালো, তবে আমার মতো বোলারদের জন্য উইকেট মোটেই ভালো নয় (হাসি)।