ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলেনি: সাকিব
বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের খেলাটা মাঠে বসে দেখবেন না সাকিব আল হাসান। খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক সাকিব ক্লান্ত-বিধ্বস্ত দুরন্ত রাজশাহীর বিপক্ষে নিজের দলের বাজে পারফরম্যান্সে। তাই সেমিফাইনাল স্পটের ক্ষেত্রে খুলনার জন্য গুরুত্বপূর্ণ বরিশাল ও চিটাগংয়ের ম্যাচটিও বিশেষ টানছে না তাঁকে।সংবাদ সম্মেলনে এসে সাকিব প্রথমেই টেনে আনলেন খুলনার ব্যাটসম্যানদের দায়িত্বহীনতার কথা। বললেন, ‘আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। কেউ দায়িত্ব নিয়ে খেলেনি। শুরু থেকেই সবাই খারাপ ব্যাটিং করেছে। শীর্ষ ছয় ব্যাটসম্যানের যে দায়িত্ব থাকে, তারা তা পালন করেনি। ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হয়েছে, কেউ দায়িত্ব নিয়ে খেলছে না।’ইনজুরিতে আক্রান্ত ইনফর্ম শিবনারায়ণ চন্দরপলের অনুপস্থিতি আফসোসে পোড়াচ্ছে সাকিবকে। সেই সঙ্গে হার্শেল গিবস ও সনাত্ জয়াসুরিয়ার মতো দুজন বিশ্বখ্যাত ক্রিকেটারের কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স না পাওয়ার হতাশাও ঝরেছে তাঁর কণ্ঠে।খুলনাকে অনেকেই সবদিক দিয়ে ব্যালান্সড এবং বিপিএল শিরোপার আগাম দাবিদার বলেছিলেন। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ের ব্যাপারটি কেন সামনে চলে এল—এমন প্রশ্নের উত্তরে সাকিব বললেন, ‘আমাদের ব্যাটিংটা দেখুন।’‘দায়িত্বহীন’ শব্দটি তাঁর মুখ দিয়ে বের হওয়ার ব্যাখ্যাও দিলেন সাকিব। তাঁর ভাষায়, ‘আমি বলেছি, আজকের ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসের ব্যাটিংটা ছিল বেশ দায়িত্বহীন।’