ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক
পিঠের মাংসপেশিতে টান পড়ায় বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের পুরোটা খেলতে পারেননি। গত কয়েকটা দিন বিশ্রামে কাটিয়ে কাল থেকে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম।
কাল ব্যাটিং প্র্যাকটিস শেষে জাতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘গত চার দিন ফিটনেস ট্রেনিং করার পর আজই (গতকাল) প্রথম ব্যাটিং করলাম। এখন অনেকটাই ভালো বোধ করছি। প্রায় ৪৫ মিনিটের মতো ব্যাটিং করলাম কোনো সমস্যা ছাড়াই।’
মিরপুরের ইনডোরে মুশফিক ব্যাটিং প্র্যাকটিস করেছেন লাল বলে। শ্রীলঙ্কার বিপক্ষে সামনে টেস্ট সিরিজই তার কারণ, ‘সামনে আমাদের টেস্ট খেলতে হবে। তাই ভাবলাম এর সঙ্গে যত দ্রুত মানিয়ে নেওয়া যায় ততই ভালো।’
মুশফিক ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছেন। শাহরিয়ার নাফীস, মুমিনুল হকের মতো আরও দু-একজনও আছেন নিয়মিত অনুশীলনের মধ্যে। বাকিরা অবশ্য সময়টা কাটাচ্ছেন ছুটির মেজাজে। তবে কোচ শেন জার্গেনসেন ৮ জানুয়ারি ছুটি থেকে ফেরার পরপরই হয়তো শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প। তার আগে আগামীকাল বিসিবির টুর্নামেন্ট কমিটির সঙ্গে একটা সভা আছে ক্রিকেট পরিচালনা বিভাগের। টুর্নামেন্ট কমিটি যদি সহসাই জাতীয় লিগ শুরু করতে পারে, সব ক্রিকেটার সেখানেই খেলবেন। অবশ্য লিগ শুরুর ব্যাপারে কাল পর্যন্তও কোনো ইতিবাচক কথা শোনা যায়নি।