ব্যাটিং উইকেটে ভুল শোধরানোর প্রতিজ্ঞা
উইকেট কেমন দেখলেন —যেকোনো টেস্টের আগের দিন কোচ-খেলোয়াড়দের কাছে চিরন্তন এক প্রশ্ন এটি। অন্য যে যা-ই বলুক না কেন, এই প্রশ্নে সাকিব আল হাসানের উত্তরও সব সময় একটাই, ‘আমি উইকেট বুঝি না...।’ কালও ব্যতিক্রম হলো না। বরং আরেকটু পিছিয়ে গিয়ে সাকিব বললেন, ‘আমি তো উইকেট দেখিইনি...।’
বাংলাদেশের ক্রিকেটে চিরন্তন এক রহস্যের নামই বলতে পারেন উইকেটকে। এই একটা জিনিস নিয়ে এখানে অনুমানের সঙ্গে বাস্তবতার মিল কমই ঘটে। খেলার আগে উইকেট নিয়ে নানা রকম সম্ভাবনার কথা শোনা যায়। খেলা শুরুর পর আস্তে আস্তে সবই ভুল প্রমাণিত হতে থাকে। আজ থেকে শুরু চট্টগ্রাম টেস্টেও উইকেট নামক ধাঁধাটা থাকছে। যে কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেসিংরুমে কোচ-অধিনায়কের সঙ্গে নির্বাচকদের কাল বিকেলের সভাটা শেষ হলো দ্বিতীয় টেস্টের একাদশ ঠিক না করেই।
সভা শেষে প্রধান নির্বাচক ফারুক আহমেদ সাংবাদিকদের জানালেন, ব্যাটসম্যান মার্শাল আইয়ুব আর পেসার রবিউল ইসলাম দ্বিতীয় টেস্টের দলে নেই। বাকি ১২ জনের যেকোনো ১১ জন খেলবেন। সেই ১১ জন কারা, সেটা ঠিক হবে আজ ম্যাচের আগে। তবে অনুশীলনের ধরন এবং দল সূত্রের তথ্য দুটি সম্ভাবনার কথা বলছে। প্রথমত, রাজ্জাক আর মাহমুদউল্লাহর মধ্যে যেকোনো একজন খেলবেন এবং সেটা হলে মাহমুদউল্লাহর সম্ভাবনাই বেশি। অথবা এই দুজনকেই দলে রেখে বাদ দেওয়া হবে একজন পেসারকে। তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে আজ শুরু টেস্টটা বাংলাদেশ দল এক পেসার নিয়েও খেলতে পারে।
দ্বিতীয় সম্ভাবনাটি ক্ষীণ হলেও উইকেটের আচরণ-সংক্রান্ত পূর্বানুমানই কাল রাত পর্যন্ত সেটাকে ধর্তব্যের মধ্যে রেখেছে। মাঠে নেমে টিপে-টুপে দেখার পর উইকেট সম্পর্কে অধিনায়ক-নির্বাচক সবার পূর্বানুমানই এক। এই উইকেটে পেসারদের জন্য কিচ্ছু নেই। পুরোপুরিই ব্যাটসম্যানদের উইকেট। তবে তৃতীয়-চতুর্থ দিনে গিয়ে স্পিনাররা টার্ন পেলেও পেতে পারেন। কাল দুপুরে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বললেন, ‘এই উইকেটে হয়তো ও রকম বাউন্স হবে না। ঢাকার তুলনায় একটু লো বাউন্স থাকবে। ডাক করা কঠিন হতে পারে।’
২২ গজ নিয়ে আলোচনা ঢাকা টেস্টেও কম হয়নি। স্পোর্টিং উইকেট চেয়েছিল বাংলাদেশ দল এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভা সেটা দিতেও পেরেছিলেন। কিন্তু দিলে কী হবে, স্পোর্টিং উইকেটে তো আর কিউরেটর খেলে দিয়ে আসবেন না! উইকেট থেকে সুবিধা আদায় করে নিতে হবে খেলোয়াড়দেরই। বাংলাদেশ সুবিধা আদায়ে পুরোপুরি ব্যর্থ। উল্টো দিকে শ্রীলঙ্কা এক শতে এক শ ভাগ সফল।
চট্টগ্রামের ন্যাড়া উইকেটও যে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার হয়েই কথা বলবে না, সে নিশ্চয়তা তাই দেওয়া যাচ্ছে না। তা ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য যেটা ব্যাটিং উইকেট সেটা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য বোলিং উইকেট হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আবার বাংলাদেশের স্পিনাররা যে উইকেটে বলকে সাপের মতো নাচাতে পারবেন, সেখানে প্রতিপক্ষের স্পিনারদের বল নির্বিষ হবে, সেটা ভাবাও বোকামি। এর চেয়ে হোম সিরিজে ব্যাটিং-সহায়ক ন্যাড়া উইকেট বিছিয়ে দেওয়াই ভালো। এরপর দেখা যাক কে কত রান করতে পারে। প্রধান নির্বাচক ফারুক আহমেদও ঠিক এই নীতিরই পক্ষে, ‘আমি মনে করি হোম সিরিজে পুরোপুরি ব্যাটিং উইকেটই বানানো উচিত। আমাদের মূল শক্তি ব্যাটিং। যা করার সেটা মাথায় রেখে করতে হবে। অস্ট্রেলিয়ায় খেলতে গেলে তো অস্ট্রেলিয়ানরা আমাদের জন্য স্পিনিং ট্র্যাক বানাবে না। তারা তাদের সুবিধাটাই দেখবে।’
ফারুক আগে থেকে না চাইলেও চট্টগ্রাম টেস্টের উইকেট শেষ পর্যন্ত ব্যাটিং-সহায়ক হবে বলেই ধারণা। ঢাকার মতো শ্রীলঙ্কান বোলাররা এখানে শর্ট বলে সুবিধা করতে পারবে না, এমন বিশ্বাস বাংলাদেশ শিবিরে। আর যদি পারেও, ব্যাটসম্যানদের পুল শর্ট খেলার লাইসেন্স দেওয়া আছে। ‘যারা পুল শট খেলতে পারে তারা অবশ্যই সেটা খেলবে, তবে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রেখে। এই মেসেজ সবাইকে দেওয়া আছে’—বলছিলেন মুশফিক। আলাদা বার্তা আছে দুই ওপেনার তামিম ও শামসুর এবং তিন নম্বর ব্যাটসম্যান ইমরুলের জন্যও। সেটা হলো, শুরুতেই উইকেট না হারানো। তা হলে পরের দিকে উইকেট থেকে শ্রীলঙ্কান স্পিনাররা সুবিধা পেলেও বাংলাদেশ দলের জন্য খুব বেশি চাপ হবে না সেটা।
প্রথম টেস্টে বড় হারের অন্যতম কারণ ক্যাচ ফসকানো। কৌশল সিলভা বারবার জীবন ফিরে পেয়ে সেঞ্চুরি করেছেন। মাহেলা জয়াবর্ধনে তো করলেন ডাবল সেঞ্চুরিই। চট্টগ্রাম টেস্টের রণকৌশলের বড় অংশজুড়ে আছে সেই ভুল শোধরানোর প্রতিজ্ঞা। অবশ্য উইকেট সম্পর্কে সবার যা পূর্বানুমান, ব্যাটিংয়ের মজায় মজে গিয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা ক্যাচ তোলার ভুল কতটুকু করবেন, সেটাও একটা প্রশ্ন।