ব্যাটিং কোচ হতে আগ্রহী ইনজামাম
পাকিস্তানের ব্যাটিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন ইনজামাম-উল-হক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব করলে দায়িত্ব নিতে রাজি বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।সাম্প্রতিক সময়ে ব্যাটিং সমস্যায় ভুগছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে একবারও ২৫০ রান অতিক্রম করতে পারেনি তারা। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসেও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাননি ব্যাটসম্যানরা। এ পরিস্থিতিতে ইনজামাম রয়টার্সকে বলেছেন, ‘পাকিস্তান দলে পূর্ণ মেয়াদের একজন ব্যাটিং কোচ অপরিহার্য হয়ে পড়েছে। যদি এ পদে কোনো প্রস্তাব আসে বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে ভেবে দেখব।’ এরপর নিজের আগ্রহটা আরেকটু খোলাসা করেছেন ইনজামাম। বলেছেন, ‘ব্যাটসম্যানদের নির্দেশনা দেওয়ার জন্য ব্যাটিং কোচ দরকার। পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে অনেক কিছু দিয়েছে। প্রস্তাব এলে তাতে সম্মতি দেওয়া আমার দায়িত্ব।’পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ ১২০ টেস্ট ও ৩৭৮টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন ইনজামাম। পাকিস্তানের ব্যাটসম্যানদের দুর্বলতা সম্পর্কে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘প্রয়োজনীয় কৌশল নিয়ে খেলছেন না ব্যাটসম্যানরা। তাঁদের মধ্যে ধৈর্যের অভাব রয়েছে।’ ওয়ানডেতে তুলনামূলক ভালো করলেও টেস্টে কেন এতটা খারাপ হচ্ছে—প্রশ্ন করলে তিনি বলেন, ‘পাকিস্তানের ব্যাটসম্যানরা ওয়ানডে ক্রিকেটে অভ্যস্ত হয়ে গেছেন। টেস্ট ম্যাচের সঙ্গে তাল মেলাতে পারছেন না তাঁরা।’