ব্যাটিং কোচের বিরোধী পিসিবিপ্রধান
জাতীয় দলের ক্রিকেটারদের বোলিং ও ফিল্ডিং কোচ প্রয়োজন। ব্যাটিং প্রস্তুতির দায়িত্বটি ব্যাটসম্যানদের নিজেদেরই নিতে হবে—এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট।ইসলামাবাদে আজ সোমবার সাংবাদিকদের ইজাজ বাট বলেন, যখন একজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট খেলতে আসেন, ব্যাটিং কোচের প্রয়োজন হলে তাঁর মতো ক্রিকেটারকে দলে নেওয়া ঠিক নয়। পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্বে আছেন ওয়াকার ইউনিস। সহকারী কোচের দায়িত্বে আছেন আরেক সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। ব্যাপারটি এমন দাঁড়িয়েছে, দুই কোচের কারও ব্যাটিংয়ের ভালো অতীত না থাকায় দলের ব্যাটসম্যানরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারছেন না। যার প্রভাব পড়ছে দলের ব্যাটিংয়ে। এ পরিস্থিতিতে ব্যাটিং কোচ নিয়োগ করার দাবি তুলেছেন সাবেকদের অনেকেই।টাইমস অব ইন্ডিয়া জানায়, পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেন ভালো করতে পারছেন না প্রশ্নে ইজাজ বাট বলেন, ‘আমি বিশেষজ্ঞ নই। প্রধান নির্বাচককে প্রশ্ন করুন। অধিনায়ক শহীদ আফ্রিদি ফিরলে তাঁকে জিজ্ঞাসা করুন, বিশেষজ্ঞ কোচকে জিজ্ঞাসা করুন।’ এরপর পিসিবিপ্রধান বলেন, ‘আমি বিশ্বাস করি, বোলিং ও ফিল্ডিং এমন জায়গা, যেখানে ভালো করতে সব সময় অন্যের সহায়তার প্রয়োজন আছে। কিন্তু এই পর্যায়ে এসে ব্যাটিংয়ের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। অন্য দেশে তরুণ ক্রিকেটারদের তুলে আনতে সাহায্য করেন সিনিয়ররা। কিন্তু আমি অনেককেই বলেছি, কেউ তরুণদের সাহায্য করতে রাজি নন।’