ওয়ানডেতে এক সিরিজে সর্বোচ্চ ব্যাটিং-গড় ৪০৫! আর এর মালিক পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ২০০২ সালের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে এমন ব্যাটিং-গড় ছিল তাঁর। পাঁচ ওয়ানডের সিরিজের চার ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া ইউসুফের ইনিংসগুলো ছিল ১৪১*, ৭৬*, ১০০* ও ৮৮। ইউসুফ ভেঙেছিলেন ভারতের অজয় জাদেজার রেকর্ড। ১৯৯৮ সালে ভারতে অনুষ্ঠিত পেপসি ট্রায়াঙ্গুলার সিরিজে ৩৫৪ গড়ে ৩৫৪ রান করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। পাঁচ ম্যাচের পাঁচ ইনিংসের চারটিতে অপরাজিত থাকা জাদেজা ওই সিরিজে করেছিলেন ২টি সেঞ্চুরি। ম্যাচ পাতানোর অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া জাদেজার আগে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ডেসমন্ড হেইন্সের। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে চার ইনিংসের তিনটিতেই সেঞ্চুরি করা হেইন্সের রান ও গড় ছিল ৩৪০। ১৯৯৬ সালের সিঙ্গার ওয়ার্ল্ড সিরিজে শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা চার ইনিংসেই অপরাজিত থেকে ৩৩৪ রান করায় তাঁর কোনো গড়ই ছিল না!