ব্যাটিং-দানবের নাম পোলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা ৬ ফুট ৫ ইঞ্চি। শরীরটাও ও রকম। ব্যক্তি কাইরন পোলার্ড যেন মানুষ নামের এক দানব। তবে এই দানবীয় শরীরের কারণে নয়, কাইরন পোলার্ড ক্রিকেট-দুনিয়ার নজর কেড়েছেন বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে। এতটা নির্লিপ্ত ভঙ্গিতে ছক্কা মারেন, যেন ছক্কা হাঁকানো কোনো ব্যাপারই না! বিশ্বকাপও এর প্রমাণ পেল গত পরশু। নয়াদিল্লিতে হল্যান্ডের বিপক্ষে ৪ ছক্কা ও ৫ চারে মাত্র ২৭ বলে করলেন ৬০। পোলার্ডের দানবীয় ব্যাটিংয়ের আগের দৃষ্টান্তটিও ভারতের মাটিতেই। ২০০৯ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে ১৮ বলে করেছিলেন ৫৪ রান। ওই টুর্নামেন্ট শেষেই বড় অঙ্কের চুক্তির বিনিময়ে যোগ দেন সাউথ অস্ট্রেলিয়া দলে। সেখান থেকে বর্তমানে ইংলিশ কাউন্টি দল সমারসেটে।তবে ওয়েস্ট ইন্ডিজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সাউথ অস্ট্রেলিয়া কিংবা সমারসেট নয়, সত্যিকারের পোলার্ড-ঝড়ের দেখা মিলেছে আইপিএলে ‘ক্রিকেটের আসল দানব’ শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। বিশ্বকাপ ভারতের মাটিতে বলেই কি না, পোলার্ডের ব্যাটে সেই ঝড়ের আভাস।হার্ড হিটার হিসেবে ২০০৭ বিশ্বকাপে পোলার্ডের ওয়ানডে অভিষেক। কিন্তু নিজেদের মাটির ওই বিশ্বকাপের সুপার এইটে মাত্র একটি ম্যাচই খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে তাঁর ব্যাট হাসেওনি। করেছিলেন ১৭ বলে ১০ রান। ৩৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে পরশুর আগ পর্যন্ত ওই ব্যর্থতারই ধারাবাহিকতা। হঠাৎ এক-দুবার বিস্ফোরণের আভাস দিয়েও মিলিয়ে গেছে। অবশেষে ওয়ানডেতেও আগুন ঝরল পোলার্ডের ব্যাটে। বাংলাদেশের বিপক্ষে না ঝরলেই হলো! ওয়েবসাইট।