ব্যাটিং-দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে শেষ দুই টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্টিভেন স্মিথ। অভিষেকে দারুণ ব্যাটিংয়ে নজর কেড়েছেন ময়েজেস হেনরিকেস। অ্যাশেজের দলে দুজনের জায়গা পাওয়াটাও প্রায় নিশ্চিত। কিন্তু এঁরা কেউই জায়গা পাননি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে! চুক্তিবদ্ধ ২০ জনে শেন ওয়াটসনকে ধরেও স্পেশালিস্ট ব্যাটসম্যান মাত্র ৬ জন। ভারত সফরে প্রকটভাবে উন্মোচিত হওয়া ব্যাটিং গভীরতার অভাব স্বীকার করে নিয়েছেন জন ইনভেরারিটি। অস্ট্রেলিয়ান ক্রিকেটে মানসম্পন্ন ব্যাটসম্যানের অভাব ভাবাচ্ছে প্রধান নির্বাচককে।চুক্তিবদ্ধদের তালিকা ১৭ জন থেকে বাড়িয়ে ২০ করা হয়েছে। তার পরও স্মিথ-হেনরিকেসের না-থাকা খানিকটা বিস্ময়করই। তবে ইনভেরারিটি জানিয়েছেন, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যেকোনো সময় চুক্তিতে আনা হবে এই দুজনকে। গতবার যেমন ১৭ জনের বাইরেও পারফরম্যান্স বিবেচনায় নানা সময়ে আরও ৯ জন ঢুকেছিলেন চুক্তিতে। শুধু স্মিথ ও হেনরিকেসই নন, সম্ভাব্য অ্যাশেজ যাত্রী উসমান খাজা ও জ্যাকসন বার্ডের সঙ্গেও চুক্তি করা হয়নি।চুক্তিতে নতুন ঢুকেছেন টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি, দুই ওপেনার এড কাওয়ান ও ফিল হিউজ, দুই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার ও পেসার ক্লিন্ট ম্যাকাই। রিকি পন্টিং ও মাইক হাসি চলে গেছেন অবসরে, বাদ পড়েছেন ডেভিড হাসি। সবচেয়ে লাভবান মিচেল স্টার্ক। তিন সংস্করণেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে এলিট প্যানেলে উত্তরণে। র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন শ্রেণী ও টাকার অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের দাবি, স্টার্কের বেতন হচ্ছে মাসে ২০ হাজার মার্কিন ডলার।চোটের কারণে বছর খানেক দলে না থেকেও চুক্তিতে জায়গা পেয়েছেন দুই পেসার রায়ান হ্যারিস ও প্যাট্রিক কামিন্স। দীর্ঘ চোট থেকে ফিরে শেফিল্ড শিল্ডে দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছে হ্যারিসের। ইনভেরারিটি জানালেন, হ্যারিসের চ্যাম্পিয়নস ট্রফি ও অ্যাশেজের দলে থাকা নিশ্চিত। ১৯ বছর বয়সী কামিন্সকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। চোটের পুনর্বাসনের পাশাপাশি এখন শরীরের শক্তি বাড়ানো, ডেনিশ লিলির সঙ্গে অ্যাকশন বদলানোর কাজসহ নিজেকে ভেঙেচুরে গড়ছেন কামিন্স। অ্যাশেজে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তার পরও চুক্তিতে রাখা প্রমাণ করছে কামিন্সকে নিয়ে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ ভাবনা।পেস বোলিং মানসম্পন্ন বিকল্পের অভাব নেই বলে চিন্তাও নেই। ভাবনা ওই ব্যাটিং নিয়েই। ইনভেরারিটির কণ্ঠে অসহায়ত্ব, ‘১৫ বছর আগের মতো ব্যাটিং গভীরতা অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন আর নেই। মোটেও নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার এদিকে মনোযোগ দেওয়া উচিত। ঘরোয়া ক্রিকেট ধারাবাহিকভাবে প্রচুর রান করা ব্যাটসম্যান খুঁজে পাচ্ছি না আমরা।’ এই সংকটে আপাত দুই ‘বুড়ো’ আর ‘বাতিল’ ব্যাটসম্যান ক্রিস রজার্স ও অ্যাডাম ভোজেসের দিকে চোখে পড়েছে। ৫ বছর আগে একটি টেস্ট খেলা রজার্স প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮ হাজার রান করেছেন, অর্ধেকই যার ইংলিশ কাউন্টিতে ২৮ সেঞ্চুরিতে। ৩৫ বছর বয়সী ওপেনার এবার শেফিল্ড শিল্ডেও ছিলেন দুর্দান্ত ফর্মে। ৩৩ বছর বয়সী ভোজেসও কাউন্টির নিয়মিত পারফরমার। ওয়েবসাইট।