ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ধোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ও ওয়ানডে ম্যাচের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন দল কীভাবে মাত্র তিন মাসের ব্যবধানে পথ হারিয়ে একের পর এক টেস্ট হারতে থাকে—প্রশ্ন উঠেছে সেটা নিয়েই।লর্ডসে হারার পর ট্রেন্টব্রিজেও অসহায় আত্মসমর্পণ ধোনিদের। লর্ডসে তাও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। ট্রেন্টব্রিজের পরাজয়টা একেবারেই শোচনীয়। কোনো কিছুই যেন ঠিকমতো কাজ করছে না ভারতীয় দলে সেই সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটিংয়ের মহাপরাক্রমশালী দলের অনবরত ব্যাটিং ব্যর্থতা। বীরেন্দর শেবাগ দুটো টেস্টের একটিও খেলতে পারেননি। গৌতম গম্ভীর লর্ডসে খেলে ট্রেন্টব্রিজে বসে রয়েছেন কনুইয়ের আঘাতের কারণে। শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটি হব, হব করেও হচ্ছে না। বিশ্বকাপ ফাইনালের পর বলার মতো কিছুই করতে পারেননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সব মিলিয়ে এত হ-য-ব-র-ল অবস্থার মধ্যে অনেক দিন পরেই দেখা যাচ্ছে ভারতীয় দলকে। অধিনায়ক ধোনি নিজেও স্বীকার করেছেন ব্যাপারটা। তিনি বলেছেন, এ মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যার নাম ব্যাটিং। যে সমস্যাটার শুরু হয়েছিল সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ সফরেই। ক্যারিবীয়তে যা ছিল তবলার তুক-তাক, তা এখন ঢোলের বিকট আওয়াজ হয়েই কান ফাটাচ্ছে সবার।‘ব্যাপারটি ওয়েস্ট ইন্ডিজ সফরেই শুরু হয়েছিল। সেখানেও আমরা রান পাচ্ছিলাম না। কিন্তু, তার পরও আমরা কিন্তু সিরিজ জিতেছিলাম। ঐতিহাসিকভাবেই ভারতীয় দলের শক্তি ব্যাটিং। আমরা সব সময়ই স্কোরবোর্ডে অনেক রান জমা করি। কিন্তু ইংল্যান্ডে এসে আমরা তা পাচ্ছি না। ব্যাপারটি অবশ্যই চিন্তার।’ বলেছেন ধোনি।ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং সমস্যাটাও কিন্তু কম নয়। জহির খান লর্ডসে কয়েক ওভার বল করে ইনজুরির কারণে চলে গেছেন মাঠের বাইরে। অনভিজ্ঞ শ্রীশান্ত, ইশান্ত শর্মা ও প্রাভিন কুমার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তাদের আক্রমণে কেন যেন সেই মরণ-কামড়টা নেই। হরভজন সিংকে তো দল থেকেই বাদ দিয়ে দেওয়ার দাবি উঠে গেছে। ব্যাটিংকে সমস্যা বললেও ধোনির চারদিকেই সমস্যার পাহাড় কেবল উঁচুই হচ্ছে। বিশ্বকাপের ফাইনালে ওই দলকে জেতানো ছক্কাটার পর ধোনি যেন আর নিজের মধ্যে নেই। বিশ্বকাপের পর আইপিএল, এরপরে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ, এখনকার ইংল্যান্ড সফর, ধোনি যেন অদৃষ্টের হাতেই নিজেকে সঁপে দিয়েছেন। এতটা বাজে ফর্ম এর আগে আর কবে দেখেছেন ভারতীয় অধিনায়ক! ‘আমি আমার ফর্ম নিয়ে চিন্তায় আছি। তবে তার আগে আমি চিন্তিত, গোটা দল নিয়েই।’ ধোনির স্বীকারোক্তিটা কিন্তু বেশ অসহায়ই শোনাল।