ব্যাটিং পাওয়ার প্লের দুর্বোধ্য ভাষা
ব্যাটিং পাওয়ার প্লে আশীর্বাদ নাকি অভিশাপ? বিতর্কটা চলছে এই নিয়ম চালু হওয়ার দিন থেকেই। কখনো এটি আশীর্বাদ হয়ে এসেছে, কখনো অভিশাপ। ব্যাটিং পাওয়ার প্লেতে কখনো ইনিংস পেয়েছে গতি, কখনো হারিয়েছে পথ। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি নিয়ে কোনো বিতর্ক নেই। ব্যাটিং পাওয়ার প্লে মানে বরাবরই বাংলাদেশের থমকে যাওয়া কিংবা পেছন দিকে হাঁটা!
কালকের ইনিংসের কথাই ধরুন। ব্যাটিং পাওয়ার প্লে শুরুর আগে বেশ ভালো অবস্থায় ছিল বাংলাদেশ। রান ৩ উইকেটে ১৪৯। ২৮০ বা এর কাছাকাছি স্কোর মনে হচ্ছিল খুবই সম্ভব। ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ওভারেও এল ১৩ রান। পরের ওভারেই একটি ছয় মারলেন মুশফিকুর রহিম। কিন্তু পরের বলটিতেই ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে আউট। পরের ওভারে বাউন্সারে হুক করতে গিয়ে বিদায় নাঈম ইসলামের। এর পরের ওভারে উড়িয়ে মারতে গিয়ে নাসির হোসেনও তাঁর অনুসারী। মসৃণভাবে এগিয়ে চলা ইনিংসটা হঠাৎই দিশেহারা। এত তেড়েফুঁড়ে খেলেও ব্যাটিং পাওয়ার প্লেতে রান এল মাত্র ৩৫, সেটির বিনিময়মূল্য আবার ৩ উইকেট!
এটিকে যে ব্যতিক্রম বলবেন, সেই উপায়ও নেই। অতীত আপনাকে জানাবে, ব্যাটিং পাওয়ার প্লের ভাষাটাই কখনো ঠিক বুঝে উঠতে পারেনি বাংলাদেশ। শুরুর দিকে এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। খারাপ করাটাই নিয়ম হয়ে যাওয়ায় এটি অবশ্য এখন আর খুব মনোযোগও পায় না! শুধু এই বছরের হিসাবটাই দেখুন। শ্রীলঙ্কা সফরে হাম্বানটোটায় বাংলাদেশ বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারেনি। পাল্লেকেলেতে পরের ম্যাচটাও বাদ দিতে পারেন, কারণ বৃষ্টিই বাংলাদেশের ইনিংস ২৭ ওভারে নামিয়ে এনেছিল। বাকি পাঁচ ম্যাচের ব্যাটিং পাওয়ার প্লে থেকে একটু ঘুরে আসা যাক—হাম্বানটোটায় বিনা উইকেটে ২১, বুলাওয়ের তিন ম্যাচে ১ উইকেটে ২৭, ১ উইকেটে ৩০ ও বিনা উইকেটে ৩০ এবং এই সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটে ২৭। দুটি ম্যাচে অতিসাবধানী খেলে উইকেট হারায়নি বাংলাদেশ, কিন্তু রানও হয়নি। একটু মেরে খেলতে গেলে উইকেট পড়েছে ঠিকই, কিন্তু রান বেশি হয়নি। প্রতীকী ধরতে পারেন কালকের ম্যাচটাকেই। কে জানে, ব্যাটিং পাওয়ার প্লে না থাকলে হয়তো অনায়াসেই ২৭০-২৮০ করে ফেলত বাংলাদেশ!
শুরুটা ভালো করেও ইনিংসটাকে বড় করতে না-পারা, বড় কোনো জুটি গড়তে না-পারা এবং ব্যাটিং পাওয়ার প্লের ব্যর্থতা—বাংলাদেশের ইনিংসে এর একটির সঙ্গে জড়িয়ে ছিল আরেকটি। মুশফিক-নাঈমরা থিতু হওয়ার পরও বড় ইনিংস খেলতে পারলেন না তো পাওয়ার প্লেতে উন্মত্ত হয়েই! ওপেনিংয়ে তামিম ইকবাল ও শামসুর রহমানের জুটিটিই তাই হয়ে রইল ইনিংসের একমাত্র অর্ধশত রানের জুটি। তবে মোটামুটি একটি ভিত গড়ে দিলেও দুজনের ব্যাটিংই ছিল নিজেদের সহজাত ব্যাটিংয়ের উল্টো। কিউই পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই হাঁসফাঁস করছিলেন অভিষিক্ত শামসুর। রান-বলের ব্যবধান যত বাড়ছিল, ততই বাড়ছিল উইকেটে তাঁর অস্থিরতা। এক-দুই রান নিয়ে চাপটা কমানোর বদলে গায়ের জোরে হাঁকাতে গিয়ে ব্যাটে-বলে করতে পারছিলেন না বারবার। ৪৫ বলে যখন ১০ রান, মরিয়া হয়ে স্লগ সুইপে ছক্কা মারলেন নাথান ম্যাককালামের পরপর দুই বলে। এর পর কোথায় ইনিংসে গতি খুঁজে পাবেন, উল্টো আলসে ভঙ্গিতে খেলে স্টাম্পড!
তামিমের ইনিংসেও মাঝামাঝি বলে কিছু ছিল না। উইকেটে খুব কম সময় ছিলেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটে বেশি নির্ভরতা খুঁজে পাওয়ার ব্যাপারটি একদমই ঘটেনি। ফিফটির পর তো আরও খ্যাপাটে হয়ে উঠলেন, প্রায় প্রতি বলেই যেন চেষ্টা করছিলেন সেটিকে উড়িয়ে বাইরে ফেলতে! সেটার খেসারতই দিতে হয়েছে আরও একবার ফিফটিতে কাটা পড়ে। ওয়ানডেতে ২৯তমবারের মতো পঞ্চাশ ছুঁলেন, অথচ তিন অঙ্কে রূপ দিতে পেরেছেন এর মাত্র ৪টিকে।
কাল উইকেট ছুড়ে আসার দোষে দোষী মুমিনুল, মুশফিক, নাঈম, নাসিরও। এমনকি মাহমুদউল্লাহও যদি ওই সময় একটু মাথা খাটিয়ে খেলতেন, স্কোরটা ২৬৫-২৭০ হয়ে যেতে পারত। কিন্তু থামতে হয়েছে আড়াই শর নিচেই।
তবে বোলারদের সৌজন্যে কাল অন্তত সেটি নিয়ে আক্ষেপ করতে হয়নি।