ব্যাটিং বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের ভারত সফরের প্রথম দুইটি টেস্ট ড্র হওয়ার পর সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে জয় পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে দুই দলই। আর সেই লড়াইয়ে প্রথম দিন শেষে এগিয়ে আছে স্বাগতিকরা। ভারতীয় বোলারদের অসাধারণ বোলিংয়ে মাত্র ১৪৮ রানেই ৭ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে নিউজিল্যান্ড।গতকাল রাতে ভারী বর্ষণের পর মাঠ ভেজা থাকায় আজ খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। শুরুতেই মাত্র ১৬ রানের মাথায় দুই ওপেনার টিম ম্যাকিনটস আর মার্টিন গুপ্তিলকে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডের বিপর্যয়ের শুরুটা করেছিলেন শ্রীশান্ত। কয়েক ওভার পরই টানা তিন ওভারে ইশান্ত শর্মা ও প্রজ্ঞান ওঝার বলে একে একে বিদায় নেন রস টেলর, কেন উইলিয়ামসন ও ড্যানিয়েল ভেট্টরি। দলীয় ৮২ রানের মাথায় হপকিনসও প্রজ্ঞান ওঝার বলে রাইনার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৫৯ রান করে একাই প্রতিরোধ চালিয়ে যাচ্ছিলেন জেসি রাইডার। কিন্তু শেষ মুহূর্তে হরভজন সিং তাঁকেও সাজঘরে পাঠালে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিই নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। দিন শেষে ম্যাককালাম ৩৪ ও টিম সোউদি ৭ রানে অপরাজিত আছেন। —ক্রিকইনফো