ব্যাটিং-ব্যর্থতার এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের ব্যাটিং-ব্যর্থতা সংক্রমিত হয়েছে জাতীয় লিগেও। কাল শুরু হওয়া দ্বিতীয় পর্বের প্রথম দিনে দুই ম্যাচে উইকেট পড়েছে ২৮টি, রান উঠেছে মাত্র ৪২৯। সিলেটে ঢাকা মহানগর ও সিলেট দুই দল মিলে রান করেছে ১৩ উইকেটে ১৮২। ফতুল্লায় আলোকস্বল্পতায় আগেভাগে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী-খুলনা ম্যাচে ১৫ উইকেটে রান উঠেছে ২৪৭।রান পাননি জাতীয় দলের বাইরে থাকা কেউই। রাজশাহীর জহুরুল ২০, জুনায়েদ ২৭, ফরহাদ রেজা ৫ ও মহানগরের মেহরাব জুনিয়র করেছেন ৬ রান। অবশ্য সিলেটের রাজিন সালেহ ৪ ও অলক কাপালি ১০ রানে অপরাজিত আছেন।দিনের একমাত্র পঞ্চাশ ছাড়ানো ইনিংসটি খেলেছেন ঢাকা মহানগরের মার্শাল আইয়ুব। ৫৭ রানে ৬ উইকেট হারানো মহানগরের ইনিংসে একমাত্র বলার মতো ঘটনা সপ্তম উইকেটে মার্শাল ও ফোরকানের ৪৮ রানের জুটি। দুই ম্যাচ মিলিয়ে কাল এটাই সেরা জুটি। ৫৮ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন মার্শাল, দলের রান তখন মাত্র ১২৯। সিলেটের ডানহাতি পেসার আবু জায়েদ ২৫ রানে ৬ উইকেটে নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে করেছেন নিজের সেরা বোলিং। এবার এই নিয়ে তিনবার ইনিংসে ৫ উইকেট পেলেন ১৯ বছর বয়সী তরুণ। এরপর সিলেটের সাকের আহমেদকে বোল্ড করে ২০০তম উইকেটে পেয়েছেন আরাফাত সানি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০০ উইকেট পাওয়া বাংলাদেশের দশম বোলার তিনি।ফতুল্লায় ইনিংসের প্রথম বলেই আউট হয়েছেন খুলনার নাজমুস সাদাত। ৯৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলা খুলনা অবশ্য এর আগে রাজশাহীকে গুটিয়ে দেয় ১৪৯ রানে।