ব্যাটিং ব্যর্থতার পরও জয়ের সুবাস
বল হাতে এনামুল হক জুনিয়র একটা দাবি তুললেও ব্যাট হাতে কেউ তা পারলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনে টেস্ট সিরিজ। ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচটাকে টেস্ট দলে ফেরার সুযোগ হিসেবে নিতে পারতেন ব্যাটসম্যানরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের বিপক্ষে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের বাজে ব্যাটিংও এটাই মনে করাচ্ছে—টেস্ট খেলার আগ্রহ যেন কারও নেই!প্রথম ইনিংসে ১৯৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল করল আরও ১৩ কম—১৮৬। হাতে দেড় দিনের মতো সময়। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দলের জন্য ২৩৯ রানের জয়ের লক্ষ্য কঠিন কিছু হওয়ার ছিল না। তবে তৃতীয় দিন শেষে জয়ের কথা বড় গলায় বলতে পারছে না তারাও। আবারও বাংলাদেশ ‘এ’ দলের বাঁহাতি স্পিনে এলোমেলো হয়ে যাচ্ছে সব। তৃতীয় দিন শেষে ১২০ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট, যার চারটাই বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবের। জয়ের জন্য আজ শেষ দিনে বাকি ৪ উইকেটে ১১৯ রান করতে হবে ক্যারিবীয়দের।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগের দিন ৫৭ রানে ৩ উইকেট পড়লেও চতুর্থ উইকেটে দারুণ ধৈর্যের পরিচয় দিয়েছিলেন অধিনায়ক রকিবুল হাসান আর নাঈম ইসলাম। কিন্তু রাত পেরোতেই ভেঙে গেল ধৈর্যের বাঁধ। কাল তৃতীয় দিনে ৩০ রান যোগ হতেই ভাঙল ৬০ রানের জুটি। ১৪১ বলে ৩৫ রান করে পারমলের বলে কট বিহাইন্ড রকিবুল।নাঈম অবশ্য এর পরও আরও ৩০ ওভার থাকলেন উইকেটে। কটেরেলের বলে কট বিহাইন্ড হওয়ার আগে করেছেন ২১৩ বলে ৬০। পরিস্থিতির দাবিও ছিল উইকেটে টিকে থাকাই। আনামুল, ফরহাদ, শাহাদাত—কারও কাছ থেকেই সঙ্গ পাননি নাঈম। ৩১ রানের অষ্টম উইকেটজুটিতে কিছুটা এগিয়ে এসেছেন ওই এনামুল হক জুনিয়রই। আগের দিন বাঁহাতি স্পিনে ৭ উইকেট নেওয়ার পর কাল ব্যাট হাতেও করলেন ২৫ রান। বাঁহাতি স্পিনার ভিরাসামি পারমলই আটকে দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানদের।সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ১৯৯ ও ৮৭.৫ ওভারে ১৮৬ (ইমরুল ১৩, নাসিরউদ্দিন ৬, রকিবুল ৩৫, মমিনুল ২৭, নাঈম ৬০, আনামুল ৯, ফরহাদ ১, শাহাদাত ১, এনামুল জুনিয়র ২৫, নাজমুল ০, সাকলাইন ০*; পারমল ৪/৪৪, কটেরেল ২/১৫, ব্রাফেট ২/৩৩, ওয়ারিক্যান ২/৬৫)। ওয়েস্ট ইন্ডিজ এইচপি: ১৪৭ ও ৩৯ ওভারে ১২০/৬ (ফ্লেচার ২০, গ্রিফিথ ১, বার্কলে ৩৩, হোপ ৫২, ব্ল্যাকউড ১, ক্যারি ৭ ব্যাটিং, ব্রাফেট ০, হ্যামিল্টন ০ ব্যাটিং; নাজমুল ০/১৩, শাহাদাত ১/৯, সাকলাইন ৪/২৭, এনামুল জুনিয়র ০/৪২, ফরহাদ ০/৬, নাঈম ১/১৭)।