ব্যাটিং যেখানে কঠিন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ: ১৮৮ ও ১৪৭জিম্বাবুয়ে একাদশ: ১১৩ ও ৩/২বাংলাদেশ আবার হেরে-টেরে বসবে না তো?জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হাসেন, ‘আরে না, এই উইকেটে ২০০ করা অনেক কঠিন।’স্কোর বোর্ডে তখন ৭ উইকেটে ১০০। প্রথম ইনিংসে ৭৫ রানের লিড মিলিয়ে বাংলাদেশ এগিয়ে ১৭৫ রানে। গ্রান্ট ফ্লাওয়ার ঘোষণা করে দিলেন, ‘বাংলাদেশ জিতে গেছে।’হয়তো জিতবেও। ১৪৭ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যাওয়ার পরও মোট লিড ২২২ রান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে একাদশকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দিয়েছেন বোলাররা। যে উইকেট, দ্বিতীয় ইনিংসেও না পারার কারণ নেই।হারলে অবশ্যই কেলেঙ্কারি হবে। তবে প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয়ের চেয়েও বড় ব্যাপার ছিল প্রস্তুতি। সেটি কেমন হচ্ছে?পেসারদের ক্ষেত্রে উত্তর—বেশ ভালো। প্রথম ইনিংসে বাংলাদেশের তিন পেসার মিলে ৩৯ ওভারে ৮৭ রানে ৭ উইকেট। কালকের হারারেতে রৌদ্র-ছায়া যেন দুই বিপরীত মেরু। ছায়ায় তীব্র ঠান্ডা আর রোদে আরাম—পেস বোলিংয়ের জন্য এমন আদর্শ পরিবেশ পেয়ে শফিউল-রবিউল-নাজমুল নিশ্চয়ই খুব খুশি।বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্গতি দেখে যেমন খুশি হওয়ার কথা গ্রান্ট ফ্লাওয়ারের। হয়ে থাকলেও সেটি প্রকাশ করলেন না। বরং ব্যাটসম্যানদের প্রতি সহানুভূতিই জানালেন, ‘উপমহাদেশ থেকে এসেই এই উইকেটে ব্যাটিং করা খুব কঠিন। আমরা যখন উপমহাদেশে যেতাম, টার্নিং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে আমাদেরও খুব কষ্ট হতো।’একটু শর্ট লেংথে ফেললেই মাথার ওপর দিয়ে উড়ে যায় বল। বাউন্সে ভরা এই উইকেট আছে। সঙ্গে আছে দীর্ঘ পরিসরের ম্যাচ কোন দূর অতীতের স্মৃতি হয়ে থাকাও। দুটি মিলে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ের হতশ্রী চেহারা। ইমরুল প্রথম ইনিংসে ৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই বোল্ড। দুই ইনিংস মিলিয়ে উইকেটে থাকলেন ১৩ মিনিট।জুনায়েদ ১৫ মিনিট বেশি। প্রথম ইনিংসের চেয়ে রানও ১টি বেশি করলেন। মানে ১ রানই! আউটটাও খুব দর্শনীয়। স্টাম্প হাওয়ায় কয়েকবার ডিগবাজি খেয়ে গেঁথে গেল মাটিতে। শাহরিয়ার করলেন প্রথম ইনিংসের দ্বিগুণ (২০)। শট একটু বেশি খেলার প্রবণতা বাদ দিলে উইকেটে ৬৪ মিনিটের উপস্থিতি মোটামুটি স্বচ্ছন্দই ছিল।সবচেয়ে স্বচ্ছন্দ লেগেছে মোহাম্মদ আশরাফুলকে। ‘পেয়ার’-এর চোখরাঙানি নিয়ে নেমেছিলেন। রানও খুব বেশি করেননি (২৮), তবে উইকেটে ৭১ মিনিট ও ৪টি চার গোছানো ব্যাটিংয়েরই প্রতিচ্ছবি। আউটটাতেও একটু দুর্ভাগ্যের ছোঁয়া আছে। দীর্ঘদেহী কৃষ্ণাঙ্গ পেসার চাতারার লেগ স্টাম্পের বলটা একটু বেশি বাউন্স করায় তাঁর গ্লাভস ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে।রানের এমন আকাল বলেই উইকেটে স্বচ্ছন্দ-অস্বচ্ছন্দ মনে হওয়াটাই ভালো ফর্ম-খারাপ ফর্মের মানদণ্ড হয়ে যাচ্ছে এখানে। এই অন্ধকারে আলোর রেখা বলতে পারেন সাকিবের ব্যাটিংকে। ৮২ বলে ৪০ রানের চেয়েও বড় উইকেটে কাটানো ২ ঘণ্টা ১২ মিনিট।অনেক দিন ব্যাটে তেমন রান নেই। বোলিংয়ে বেশি মন দিতে গিয়ে ব্যাটিংটা হারিয়েই গেল কি না, এই ফিসফাসও উঠে গেছে। এই ম্যাচের আগে সাকিব নিজে কিন্তু ব্যাটিংয়ের চেয়ে বোলিং নিয়েই দুশ্চিন্তায় ছিলেন। কাউন্টিতে খেলা একমাত্র চারদিনের ম্যাচটিতে ফিফটি করেছেন, কিন্তু বোলিং ভালো হয়নি। ‘টি-টোয়েন্টি আর লংগার ভার্সনের বোলিং আলাদা। গত কিছুদিন টি-টোয়েন্টিই তো বেশি খেললাম। এই ম্যাচে টেস্টের বোলিংটা ঠিক করতে চাই’—নিজে থেকেই বলেছিলেন সাকিব, অথচ প্রথম ইনিংসে বোলিংই করলেন না!