ব্যাটিংই 'ডুবিয়েছে' পাকিস্তানকে
ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের ব্যবচ্ছেদ ঢাকা ছাড়ার আগেই করে গেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও কোচ মঈন খান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সফলতম দলটি গ্রুপ পর্বেই কেন বিদায় নিল, এ নিয়ে পাকিস্তানে এখনো চলছে তোলপাড়।
ঢাকা থেকে করাচি ফিরে গিয়ে শহীদ আফ্রিদি দুষেছেন দলের টপ অর্ডারের নেতিবাচক ব্যাটিংকে। আর সদ্য প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়া রশিদ লতিফ বলছেন, দলে কয়েকজন বয়সী খেলোয়াড় নেওয়াতেই এই ব্যর্থতা। এর আগে পাকিস্তানের কোচ ও অধিনায়ক বলেছিলেন, শেষ ৫ ওভারের ক্যারিবীয় ব্যাটিং বিস্ফোরণই ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচের।
ড্যারেন স্যামি আর ডোয়াইন ব্রাভোর ধ্বংসযজ্ঞে শেষ ৫ ওভারে ৮২ তুলে ক্যারিবীয়রা পাকিস্তানকে দেয় ১৬৭ রানের লক্ষ্য। তবে আফ্রিদি মনে করেন না এটা এমন বড় কোনো লক্ষ্য ছিল, ‘প্রথম ৬ ওভারের নেতিবাচক ব্যাটিংয়েই আমরা হেরেছি। প্রথম ১৫ ওভার ভালো বোলিং করেছি আমরা। টি-টোয়েন্টিতে যেকোনো সময় বোলাররা মার খেতেই পারে। কিন্তু লক্ষ্যটা অসম্ভব ছিল না। আক্রমণই হলো রক্ষাকবচ। ইতিবাচক ফল পেতে আক্রমণাত্মকই খেলতে হবে আপনাকে।’ কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা।
রশিদ লতিফ পরাজয়ের কারণ খুঁজছেন আরও গভীরে। অভিজ্ঞতার কথা মাথায় রেখে নেওয়া হয়েছিল কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। রশিদ লতিফের চোখে এটাই হয়েছে কাল, ‘সিনিয়র ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজিয়ে অস্ট্রেলিয়ার মতো ব্যর্থ হয়েছে পাকিস্তানও।’ অভিজ্ঞতা বিবেচনায় দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা ব্র্যাড হজ ও ব্র্যাড হগের মতো দুই ‘বুড়ো’কে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফেরায় অস্ট্রেলিয়া, কিন্তু এতে কোনো লাভ হয়নি। লতিফ পাকিস্তানের কোনো সিনিয়র ক্রিকেটারের নাম মুখে না নিলেও ধারণা করা হচ্ছে, কামরান আকমল ও শোয়েব মালিকের দিকেই ইঙ্গিত করেছেন।
একটা জায়গায় অবশ্য লতিফ মিলে যাচ্ছেন আফ্রিদির সঙ্গে—ব্যাটসম্যানরাই ডুবিয়েছে পাকিস্তানকে, ‘ব্যাটিংয়ে অসাধারণ ছিল ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান ছিল যাচ্ছেতাই।’
৮৪ রানে হার। পরাজয়টা অসহায় আত্মসমর্পণের মতো। লড়াইয়ের আগেই লড়াই ছেড়ে দেওয়াটা মেনে নিতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ, ‘সাবেক খেলোয়াড় এবং সমর্থকেরা পরাজয় মেনে নিতে পারে, কিন্তু বিনা লড়াইয়ে এমন হার নেওয়া যায় না।’ স্পিন ভালো খেলতে না-পারার জন্য ব্যাটসম্যানদের সমালোচনা করেন মিয়াঁদাদ, ‘দলের একজনেরও ভালো স্পিন খেলার কৌশল নেই। শুধু চার-ছক্কা মারাটাই ব্যাটিং হতে পারে না।’ এএফপি, ওয়েবসাইট।