কী বৈপরীত্য! নাগপুর ও শারজা এক দিনে পুরো বিপরীত ছবি দেখাল ক্রিকেট-বিশ্বকে। নাগপুরে যখন ভারতীয় ব্যাটসম্যানরা অস্ট্রেলীয় বোলারদের খুন করে টপকাল সাড়ে তিন শ রান, শারজায় পাকিস্তান পেরোতে পারল না ১৮৩ রান। ৫৫ বলে দরকার মাত্র ১৯ রান, হাতে ৬ উইকেট। পাকিস্তান মাতল ‘অননুমেয়’ নামকরণের সার্থকতা প্রমাণে। পরশু হাতের মুঠোয় থাকা ম্যাচটি পাকিস্তান শেষ পর্যন্ত হেরেছে ১ রানে। পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেছে ১-০-তে।
প্রায় পড়ে পাওয়া এক জয়। কিন্তু প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলছেন তাঁদের বিশ্বাস ছিল দান উল্টে দেওয়ার, ‘দক্ষিণ আফ্রিকানরা সব সময়ই বিশ্বাস করে আমরা সবকিছু উল্টে দিতে পারি। আপনি যখন কোনো কিছুর ঘ্রাণ পাবেন সেটা তো আপনাকে পেতেই হবে।’ লনওয়াবে সতসোবে পরপর দুই বলে উমর আমিন ও সোহেল তানভিরকে ফেরাতেই নাকি ডি ভিলিয়ার্স বিশ্বাস করতে শুরু করেছিলেন জেতা অসম্ভব নয়। ওই সময় ১৭৪/৭ হয়ে পড়ে পাকিস্তান। ডি ভিলিয়ার্সের কাছে ম্যাচের মোড় ঘুরেছে তখনই। এই দুই আউটের মাঝে ফিরে গিয়েছিলেন মারকুটে উমর আকমলও।
জিততে জিততে হেরে যাওয়ার এই দোষটা পাকিস্তানি অধিনায়ক দিলেন আয়েশি ব্যাটিংকে, ‘আমরা চাপ সামলাতে পারিনি, কিছু আয়েশি শটের মূল্য দিয়েছি। দরকার ছিল শেষ রানটা হওয়া পর্যন্ত মনোযোগ ধরে রাখা, কিন্তু ব্যাটিংটাই ডোবাল।’
মিসবাহদের সামনে আজই সুযোগ ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর। দুবাইয়ে দ্বিতীয় ওয়ানডে আজ। এএফপি।