ব্যাটিংটা খুব সহজ পাকিস্তানের জন্য
বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে গেছে। টস জিতে পাকিস্তানের ফিল্ডিং বেছে নেওয়া যেখানে ছিল বিরাট এক বিস্ময়, সেই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল। কিন্তু পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসেই ব্যাটিং পারফরম্যান্স দিয়েই বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোটা ছিল আমাদের ব্যাটিং দুর্বলতা জেনেই নেওয়া সিদ্ধান্ত। যেন তারা জানতই, আগে ব্যাটিং করে বাংলাদেশের ব্যাটসম্যানেরা টিকতে পারবেন না বেশিক্ষণ। এতটাই উন্মুক্ত এখন বাংলাদেশের ব্যাটিং। একই সঙ্গে তারা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, চট্টগ্রামের এই উইকেটে রান করাটা যেকোনো আন্তর্জাতিক মানের ব্যাটসম্যানের জন্যই সহজ ও স্বাভাবিক একটি ব্যাপার।পাকিস্তানের প্রায় প্রত্যেক টপ অর্ডার ব্যাটসম্যানই এই ইনিংসে রান পেয়েছেন। মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে এসেছে ১৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস। তৌফিক উমর, ইউনুস খান প্রত্যেকেই সদ্ব্যবহার করেছেন উইকেটের ব্যাটিং উপযোগিতার। এই প্রতিবেদন লেখার সময় রান পাহাড়ের চূড়ার দিকে অনেক দূরই এগিয়ে গিয়েছিল পাকিস্তান দল। তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৮৩ রান। বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে ছিল ২৪৮ রানে। ইউনুস খান ৮০ ও আসাদ শফিক ২৮ রানে অপরাজিত ছিলেন।বল হাতে আজ বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মো. ইলিয়াস। তিনি ৮১ রানে নিয়েছেন ২টি উইকেট। এ ছাড়া মাহমুদউল্লাহ ও শাহাদত হোসেন প্রত্যেকেই ১টি করে উইকেট নিয়েছেন।