নেটে অনবরত শুকতারা-রুমানাদের বল ছোড়া হচ্ছে। বড় শট নেওয়ার নির্দেশ পাশে দাঁড়ানো কোচের। টি-টোয়েন্টি জিততে এ ছাড়া উপায় নেই। একেই আপ্তবাক্য মেনে কাল সকাল সকাল সিলেট জেলা স্টেডিয়ামের নেটে নেমে পড়লেন সালমারা।
সবার চোখেমুখেই ঠিকরে বেরোচ্ছে ভালো করার তাড়না। কিছুদিন ধরে ব্যাটিংয়ে প্রত্যাশা মেটাতে না পারার হতাশা থেকে ‘মুক্তি চাই, মুক্তি চাই’ থিম সং যেন বাজছে নেপথ্যে। বিগ হিট নিতে না পারায় পরশু ওয়েস্ট ইন্ডিজকে ১১৫ রানে অলআউট করেও জিততে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ঠকঠকানির মধ্যে ৭৯ রানে ইনিংস গুটিয়ে ৩৬ রানের হার। শেষ ৬ উইকেট পড়েছে মাত্র ৭ রানে!
বাংলাদেশ আজ চাইবে জীর্ণ ব্যাটিংয়ের এই প্রামাণ্যচিত্র আর ফিরবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন, গতবারের রানার্সআপ ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম খেলছে বাংলাদেশ। দীর্ঘ ক্রিকেট ঐতিহ্যের ইংল্যান্ড টেস্ট ম্যাচই খেলেছে ৯১টি। এই প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও ভারতকে হারিয়ে ফিরে এসেছে কক্ষপথে। সেমিফাইনালের টিকিট পেতে ইংল্যান্ড আজ কঠোরই হতে চাইবে বাংলাদেশের বিপক্ষে!
শক্তি, অভিজ্ঞতায় দুই দলের পার্থক্য ঢাকা-লন্ডনের দূরত্বের মতোই। কাজেই ইংল্যান্ডকে হারানোর আশা না করাই ভালো। যতটা সম্ভব নিজেদের তুলে ধরতে পারাই হবে বাংলাদেশের সাফল্য। বোলিং, ফিল্ডিং ঠিকই আছে, ব্যাটিংটাই হয়ে আছে বিচ্ছিন্ন দ্বীপ। সেটিকেই এবার একসূত্রে গাঁথার সময়।
অধিনায়ক সালমা খাতুন নিজে চেষ্টা করছেন। সতীর্থদের কাছেও চাইছেন সেরাটা, ‘আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। ওপরের দিকে রান আসছে না বলে পরের দিকের চাপ বাড়ছে। সবাইকে আরও বেশি চেষ্টা করতে হবে মাঠে।’
ঘরের মাঠ বলে খেলোয়াড়দের তো বেশি অনুপ্রাণিত হওয়ারই কথা। ভরা গ্যালারির সমর্থন বাড়তি প্রেরণা। ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডস এটিকে বাংলাদেশের বাড়তি সুবিধাই বলছেন, ‘নিজ মাঠে দর্শক সমর্থন নিয়ে খেলবে বাংলাদেশ। এটা ওদের জন্য বড় সুবিধা। তাই আমরা মোটেও হালকা করে নিচ্ছি না স্বাগতিক দলকে।’
এমনিতে বাংলাদেশ-ইংল্যান্ড আছে একই হোটেলে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে অবশ্য কথাবার্তা হয় না। ইংল্যান্ডের মেয়েরা হোটেল লবিতে কম নামেন। সারাক্ষণ ঘরবন্দী থাকেন। কারও সঙ্গেই নাকি মেশেন না। নাশতার টেবিলে দেখা হলেও যে যাঁর মতো করে থাকেন। হাই, হ্যালোও নয়। সালমা বলছিলেন, ‘ওরা তো ওদের ভাব নিয়ে থাকে। আমরা যেচে কথা বলতে যাব কেন?’
যথার্থ মনোভাব। তবে ব্যাট-বলের লড়াই-ই নিজেদের গরিমা দেখানোর আসল জায়গা। সেখানে আজ জয়ের জোরালো কোনো লক্ষ্য নেই বাংলাদেশের। ‘ভালো খেলতেই নামব’ বলছেন বাংলাদেশ অধিনায়ক। ভালো খেলুন সালমা, বিশেষ করে ব্যাটিংয়ে। তাতেই হলো!