ব্যাটিংবান্ধব দিনে ব্যাটিং-ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদর্শ টেস্ট উইকেট তৃতীয় দিনে ব্যাটসম্যানদের বন্ধু হয়ে যায়। হারারে স্পোর্টস ক্লাবের উইকেটও ব্যতিক্রম হলো না। আগের দুই দিনের চেয়ে গরম বেশি। বরং বলা ভালো, শীত কম। ঝকঝকে রোদ। চামড়া পোড়ানো রোদ নয়, শীতের মিঠে রোদ। সেই রোদে খটখটে উইকেট। এ শুধু ব্যাটিংয়ের দিন, এ লগন রান-ফোয়ারা ছোটাবার।খেলা দেখে থাকলে এরই মধ্যে আপনার বিরক্তি চরমে ওঠার কথা। ৫০.২ ওভারে বাকি ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট আর এটা নাকি শুধু ব্যাটিংয়ের দিন! বাংলাদেশের ব্যাটসম্যানরা পারেননি, সেটি তাঁদের ব্যর্থতা। ব্যাটিংবান্ধব তৃতীয় দিনের তত্ত্ব তাতে বাতিল হয়ে যাচ্ছে না। প্রথম ইনিংসে বাংলাদেশের ৮৭ রানে পিছিয়ে থাকা উইকেটের দোষে নয়, নয় বোলিংয়ের গুণেও।গত পরশু দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবাল যে দুটি বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন, তাতে বোলার ভিটরির বড় কৃতিত্ব ছিল। কাল আশরাফুল, সাকিব ও মুশফিকুরের কারও ক্ষেত্রেই এ কথা বলার উপায় নেই। তিনজনই উইকেট উপহার দিয়ে এসেছেন।এটা সত্যি, ক্রিকেটে বেশির ভাগ উইকেটই পড়ে ব্যাটসম্যানদের ভুলে। কিন্তু টেস্ট ম্যাচে উইকেট ওয়ানডে বা টি-টোয়েন্টির মতো সস্তা হয়ে গেলে তা বড় দৃষ্টিকটু দেখায়। শেষ দিকে ধসের পরও জিম্বাবুয়ের ৩৭০ হয়েছে দুটি সেঞ্চুরি পার্টনারশিপের কারণে। ওপেনিংয়ে ১০২ রানের পর তৃতীয় উইকেটে ১৪২। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ পার্টনারশিপ মাত্র ৬৬ রানের। ফিফটি পার্টনারশিপ আছে আরও দুটি। কিন্তু টেস্ট ম্যাচে ৬৬, ৫৬ ও ৫৪ রানের পার্টনারশিপে ২৮৭-ই হয়। ৩৭০ টপকে যাওয়া যায় না।সম্ভাবনাময় তিনটি পার্টনারশিপই পাপড়ি মেলা শুরু করতে না করতেই ঝরে গেল। জিম্বাবুইয়ান বোলারদের খুব বড় ভূমিকা নেই কোনোটাতেই। শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুলের ৬৬ রানের জুটিটি ভাঙায় দুর্ভাগ্যের একটু ছোঁয়া ছিল বলে সেটিতে না হয় ব্যাটসম্যানকে (এখানে শাহরিয়ার নাফীস) ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। কিন্তু পরের দুবার?আশরাফুল-সাকিব জুটিটি ব্রেন্ডন টেলরের কপালে মাত্রই ভাঁজ ফেলতে শুরু করেছিল। লাঞ্চ হতে বেশি বাকি নেই। বল পুরোনো হয়ে গেছে। আশরাফুল জমে গেছেন, সাকিবও শুরু থেকেই দুর্দান্ত। দ্বিতীয় সেশনটা জিম্বাবুইয়ান ফিল্ডারদের দৌড়ের ওপর রাখার সুবর্ণ সুযোগটা যখন হাতছানি দিচ্ছে, তখনই সেটি হেলায় হারাল আশরাফুলের ক্রিকেট-মস্তিষ্ক হঠাৎ বিকল হয়ে যাওয়ায়।জেমি সিডন্স আশরাফুলের টেকনিকে হাজারো সমস্যা আবিষ্কার করে থাকতে পারেন, তবে বাকি ক্রিকেট বিশ্ব একমত, আশরাফুলের সমস্যাটা মনে। গ্রান্ট ফ্লাওয়ার সেদিনই বলছিলেন, প্রতিভার বিচারে তাঁর চোখে আশরাফুল এখনো বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। এরপর যা বললেন, সেটি আশরাফুল নামের প্রহেলিকা সম্পর্কে অসংখ্যবার বলা হয়ে গেছে, ‘মনটা ঠিক করতে পারলে ও এখনো অনেক কিছু করতে পারে।’সেটি যে অসম্ভব কিছু নয়, ৭৩ রানের ইনিংসটিই তার প্রমাণ। তবে নিশ্চিত হয়ে বল ছাড়া, নিশ্ছিদ্র ডিফেন্স এবং ১০টি ঝলমলে বাউন্ডারি যেমন আশরাফুলের আলোর দিকটা দেখাল, আউটটি দেখাল অন্ধকার দিকটা। চিগুম্বুরার অফ স্টাম্পের বাইরের বলটাতে কেন যে ব্যাটের ছোঁয়া লাগিয়ে দিতে ইচ্ছা করল, সেটি শুধু আশরাফুলই বলতে পারবেন। নিশ্চিত থাকতে পারেন, তিনিও বলতে পারবেন না।আশরাফুলের আউটটি যদি অব্যাখ্যনীয় হয়, সাকিব যেভাবে আউট হলেন, সেটি অমার্জনীয়। চার বোলারের অনুমিত আসা-যাওয়ার মিছিল শুরু হওয়ার আগে উইকেটে শেষ স্বীকৃত জুটি। অথচ অফ স্টাম্পের অনেক বাইরের বলে অমন ড্রাইভ খেলতে যাওয়ার মতো বিলাসী শট খেলা কোনো ব্যাটসম্যানকেই মানায় না। সেই ব্যাটসম্যান যদি দলের অধিনায়ক হন, তা হলে তো আরও না।সাকিবের ওই হঠকারিতায় মুশফিকুরের সঙ্গে তাঁর ৫৬ রানের জুটিটি ভাঙল। এরপর ভরসা বলতে ছিলেন এক মুশফিকুর। সেই মুশফিকুর যেভাবে প্রায় লাফিয়ে উঠে পুল মারতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিলেন, সেটি সংশয়াতীতভাবে প্রমাণ করে দিল, ভরসাটা অপাত্রেই করা হয়েছিল।ব্যাটিং ক্রিকেটে সবচেয়ে বড় পরীক্ষার নাম। ক্রিকেট ধারাভাষ্যের কিংবদন্তি জন আর্লট সেই কবেই বলে গেছেন, ‘ক্রিকেটকে টিমগেম বলা হয় বটে, কিন্তু ঘটনা হলো এখানে ব্যাটসম্যানের চেয়ে নিঃসঙ্গ আর কেউ নেই। ১০ জন ফিল্ডার-সমর্থিত বোলার তাঁর প্রতিপক্ষ, সঙ্গে যেকোনো ভুলের শাস্তি নিশ্চিত করতে আছেন দুজন আম্পায়ার।’ রিচি বেনো বলেছেন আরও চমৎকার, ‘ব্যাটিং হলো ১১ জন বিচারকের আদালতে ব্যাটসম্যানের বিচার।’ব্যাটিংটা ব্যাটেই হয় বটে, কিন্তু তাতে সবচেয়ে বড় ভূমিকা থাকে গোছানো মনের। বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় ঘাটতিটাও সেখানেই।