ব্যাটিংয়ে জুনায়েদ বোলিংয়ে এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল ও জুনায়েদ
এনামুল ও জুনায়েদ

কলাবাগান ক্রিকেট একাডেমি থেকে আবাহনী। প্রতিবেশী ক্লাব হলেও মোসাদ্দেক হোসেনের জন্য এটা ছিল বিরাট এক উল্লম্ফন। মনে মনে তাঁর ভয় ছিল, এত বড় ক্লাব! খেলাবে তো?
প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো এসে মোসাদ্দেক শুধু খেললেনই না, ‘এলেন, দেখলেন, জয় করলেন’-এর মতোই একটা ব্যাপার ঘটালেন। প্রথম পর্বের ১১ ম্যাচের ৯টিতে খেলে রান করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৫। ফিফটি তিনটি, সেঞ্চুরি একটি। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তাঁর ওপরে আছেন কেবল জাতীয় দলের বাইরে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের ওপেনার জুনায়েদ সিদ্দিক (৪৭৯)।
সর্বাধিক রান করে জুনায়েদ যেমন জাতীয় দলে ফেরার জন্য একটা বার্তা দিয়ে রাখলেন, মোসাদ্দেকের পারফরম্যান্সও ভবিষ্যতের জন্য আশাবাদী হতে বলে। অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার কাল টেলিফোনে বলছিলেন, ‘প্রিমিয়ার লিগে এটাই আমার প্রথম বছর। আবাহনীর মতো বড় দল আমাকে আদৌ খেলাবে কি না, এ নিয়ে শুরুতে শঙ্কায় ছিলাম।’ সেই শঙ্কা দূর হওয়ার পর মোসাদ্দেকও দিলেন প্রতিদান, ‘যখন খেলার সুযোগ পেলাম, মনে মনে ঠিক করলাম দলের হয়ে লিগে সর্বোচ্চ রান করতে হবে। সেটা করতে পেরে আমি খুশি।’
খুশি এনামুল হক জুনিয়রও। অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স প্রায়ই নির্বাচকদের চোখ এড়িয়ে গেলেও তিনি নিরলসভাবে তাঁর কাজ করে যাচ্ছেন। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সবচেয়ে বেশি ২১টি উইকেট এনামুলেরই। জাতীয় দলে থাকুন আর না থাকুন, সব জায়গায় ভালো খেলার প্রেরণাটা নাকি তিনি নিয়ে এসেছেন ইংল্যান্ড থেকে, ‘ইংল্যান্ডে পেশাদার ক্রিকেট খেলে নিজের দায়িত্বটা আরও বেশি করে বুঝতে পেরেছি। জাতীয় দলে না খেললেও এটাই আমার রুটি-রুজি। হতাশ হয়ে যদি লিগেও ভালো খেলতে না পারি, তাহলে আমারই ক্ষতি। আমাকে জাতীয় দলে ডাকল কি ডাকল না, সেটা নিয়ে আর ভাবি না।’

সেরা ৫

ব্যাটসম্যান

      ম্যাচ        রান   সর্বোচ্চ         গড়     ১০০/৫০

জুনায়েদ সিদ্দিক (শেখ জামাল)    ১১         ৪৭৯          ৯৫       ৪৭.৯০         -/৩

মোসাদ্দেক হোসেন (আবাহনী)   ৯         ৪৩৫         ১০০       ৫৪.৩৮         ১/৩

ইমরুল কায়েস (গাজী ট্যাংক)   ১১         ৪২০        ১০৪*       ৪২.০০         ১/২

নাফিস ইকবাল (ব্রাদার্স)          ১০         ৪১২        ১৫০*       ৬৮.৬৭         ১/১

সৈকত আলী (প্রাইম ব্যাংক)   ১১         ৪১০        ১০৩*       ৪৫.৫৬         ১/৩

বোলার

      ম্যাচ      উইকেট       সেরা         গড়        ইকো

এনামুল হক জু. (প্রাইম ব্যাংক)   ১১          ২১        ৪/৪৩       ১৮.৮৬        ৩.৮৯

আল আমিন (আবাহনী)   ৭          ২০        ৬/১৬       ১৪.৯০        ৪.৭৯

আরাফাত সানি (গাজী ট্যাংক)   ১১          ২০        ৪/১৩       ১৬.৬০        ৩.২৯

জিহান মুবারক (কলাবাগান) ৯          ২০        ৫/৩৩       ১৬.৮০        ৩.২৯

রুবেল হোসেন (গাজী ট্যাংক)    ৬          ১৯        ৬/১৮       ১২.৮৪        ৪.৫৬