ব্যাটিংয়ে আমলা, বোলিংয়ে তাহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলি তো থাকবেনই। সঙ্গে কেন উইলিয়ামসন ও জো রুট।

এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে, কোনো ক্রিকেটাড্ডায় এই আলোচনাটা তুলে দেখুন। এই তিনটি নামই ঘুরেফিরে আসবে। হাশিম আমলা নামটা কারও মুখে শোনা যাবে বলে মনে হয় না। অথচ রেকর্ড কিন্তু তাঁর দাবিটাও নীরবে জানিয়ে রাখে।

টেস্টেও তিনি খারাপ নন। ৫০ ছুঁইছুঁই গড়ে প্রায় আট হাজার রান। ২৬টি সেঞ্চুরি। তবে ওয়ানডেতে আমলা আরও দুর্দান্ত। যেখানে তিনি বিরাট কোহলির তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত। মাত্র কদিন আগে ওয়ানডেতে দ্রুততম সাত হাজার রানের রেকর্ড ভেঙে দিয়েছেন। কাল ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি রেকর্ড। এবার সবচেয়ে কম ইনিংসে ২৫টি সেঞ্চুরির। তা রেকর্ড দুটি কার কাছ থেকে কেড়ে নিলেন আমলা? বিরাট কোহলি!

দক্ষিণ আফ্রিকার পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও এখন হাশিম আমলার। আগের রেকর্ডটি যাঁর ছিল, তিনি তা হারিয়ে খুব একটা মন খারাপ করেছেন বলে মনে হয় না। চ্যাম্পিয়নস ট্রফি অভিযানটা জয় দিয়ে শুরু করতে পারায় এবি ডি ভিলিয়ার্সের বরং আমলাকে ধন্যবাদই জানানোর কথা।

নিজে যে ব্যর্থ! লাসিথ মালিঙ্গার সঙ্গে ডি ভিলিয়ার্সের দ্বৈরথটাকে ভাবা হচ্ছিল এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ। অথচ দুজনের দেখাই হলো না! ডি ভিলিয়ার্স যে এলেন আর গেলেন! টিকলেন মাত্র চার বল। আসলে তো তিন। চতুর্থ বলে প্রসন্নকে পুল করতে গিয়ে বল তুলে দিলেন আকাশে।

অথচ ফাফ ডু প্লেসির সঙ্গে মিলে মঞ্চটা তাঁর জন্য সাজিয়ে রেখেছিলেন আমলা। দ্বিতীয় উইকেটে দুজনের ১৩১ বলে ১৪৫ রানের জুটি। ইনিংসের তখন ৩৪তম ওভার। দক্ষিণ আফ্রিকার স্কোরটা তখন তিন শ ছাড়িয়েও আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা। অথচ ৫০ ওভার শেষে দেখা গেল, ১ রানের জন্য তিন শই হলো না!

শুধু ডি ভিলিয়ার্স কেন, দক্ষিণ আফ্রিকার পরের দিকের কোনো ব্যাটসম্যানই যে অমন একটা ভিত্তির ওপর দাঁড়িয়েও প্রলয় নাচন নাচতে পারলেন না। শেষ দুই বলে চার আর ছয় মেরেছেন ডুমিনি। তারপরও হাতে ৭ উইকেট নিয়ে শুরু করেও শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলতে পারল মাত্র ৭৮ রান।

এখানে মালিঙ্গার সামান্য ভূমিকা আছে। কিছুটা হলেও সেই পুরোনো ঝলক। নইলে প্রায় ১৯ মাস পর ওয়ানডেতে ফিরলেন যে মালিঙ্গা, তিনি অনেকটাই আগের মালিঙ্গার ছায়া। বলে গতি অনেক কমে গেছে। ফিল্ডিং করার সময় বুঝিয়ে দিলেন ফিটনেসও যথেষ্টই প্রশ্নবিদ্ধ। ক্যাচও ফেললেন একটি, যেটির জন্য অনেক মূল্য দিতে হলো। ডু প্লেসির তখন মাত্র ৮ রানে, থামলেন ৭৫ করে।

বাংলাদেশের ম্যাচের পর ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস বলেছেন, এই মাঠে ‘পার স্কোর’ এখন ৩৪০-৫০। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে শ্রীলঙ্কার তাই আশাবাদী হওয়ার যথেষ্টই কারণ ছিল। সেই আশার পালে আরও হাওয়া দিয়েছিল ডিকভেলার এনে দেওয়া দুর্দান্ত সূচনা। থারাঙ্গার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬৯ রান, সেটিও মাত্র ৮.১ ওভারে। দক্ষিণ আফ্রিকার সাবধানি শুরুর পুরো বিপরীত।

শুরুর ওই ঝড়টা বেশি গেছে ওয়েইন পারনেলের ওপর দিয়ে। এই ম্যাচ যাঁকে পরিচয় করিয়ে দিয়েছে পুরো বিপরীত দুই অভিজ্ঞতার সঙ্গে। ৫ ওভারের প্রথম স্পেলে বেধড়ক মার খেয়ে দিয়েছেন ৪৫ রান। প্রান্ত বদলে দ্বিতীয় স্পেল করতে এসে ৫ ওভারে মাত্র ৯। উইকেট অবশ্য পাননি। সেই দায়িত্বটা আবারও কাঁধে তুলে নিয়েছেন ইমরান তাহির।

শ্রীলঙ্কার জন্য এই লেগ স্পিনার এখন রীতিমতো এক আতঙ্কের নাম। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৪ উইকেট নিয়ে এই তাহিরই বিদায় করে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। দুই দলের সর্বশেষ সিরিজেও অনেক ভুগিয়েছেন। কালও ৪ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর আয়নায় হাশিম আমলার চেয়েও বড় ছবি ফেললেন। ম্যাচ-সেরার পুরস্কারটাও তাই তাঁর হাতেই উঠল। সেরা উদ্‌যাপনের কোনো পুরস্কার থাকলে সেটি তো বোধ হয় প্রতি ম্যাচেই পেতেন। প্রতিটি উইকেট পাওয়ার পরই যে দৌড়টা দিলেন, তাতে কারও মনে হতেই পারত, এটা বোধ হয় চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট নয়, যুক্তরাজ্যেরই আরেক শহর কার্ডিফে কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনাল!