ব্যাটিংয়ে উন্নতি চাই সবার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনাল...ফাইনাল, সেমিফাইনালে আবার দেখা হয়ে যাচ্ছে ভারত-পাকিস্তানেরও! সব মিলিয়ে বিশ্বকাপের গায়ে এখন আগুনের আঁচ।যেভাবেই হোক আমাদের বিশ্বকাপটা শেষ হয়ে গেছে গ্রুপ পর্বেই। সবার মতো আমিও তাই এখন বিশ্বকাপের দর্শক। তবে অন্য কোনো কাজ থাকলে হয়তো আমি খেলা দেখতাম না। আর কিছু করার নেই তাই খেলা দেখছি। প্র্যাকটিস শুরু হয়ে গেলে সেমিফাইনালগুলো সেভাবে দেখা হবে না। আমাদেরও স্বপ্ন ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়া, সেমিফাইনাল খেলা। অন্যের খেলা দেখে একটু খারাপ তো লাগতেই পারে!বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার হতাশা সবার মধ্যেই কমে আসছে। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে চিন্তা শুরু হয়ে যাচ্ছে। পরশু বিসিবিতে গিয়ে সতীর্থ অনেকের সঙ্গে দেখা হলেও খেলা নিয়ে কথা হয়নি। কে কীভাবে ছুটি কাটাচ্ছে, কেমন আছে এসব নিয়েই আড্ডা হলো। সাধারণ ক্রিকেটমনস্ক মানুষও এখন বিশ্বকাপের হতাশা ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার উৎসাহ দিচ্ছে। তবে মানুষের মধ্যে হতাশা থাকাই স্বাভাবিক। আমরাও বিশ্বাস করি, যত ভালো খেলার কথা ছিল, তত ভালো খেলতে পারিনি।অস্ট্রেলিয়া সিরিজটা সন্দেহাতীতভাবে কঠিন সিরিজ হবে। ওরা কখনোই কাউকে বিন্দুমাত্র ছাড় দিয়ে খেলে না। বিশ্বকাপ থেকে আগে আগে বিদায় নিতে হওয়ায় আহত বাঘ হয়ে আছে দলটা। অস্ট্রেলিয়া চেষ্টা করবে এই সিরিজ থেকে সর্বোচ্চ সাফল্য তুলে নিতে। অন্যদিকে আমাদের প্রত্যাশা ভালো পারফরম্যান্স করা। যেটা আমরা করতে পারি বলে বিশ্বাস করি, ওটা করে দেখানো। শুরুতেই কাজটা করে দিতে পারলে ওখান থেকে হয়তো আরও বড় কিছু চিন্তা করা যাবে। আমরা ব্যাটিংয়েই বেশি ব্যর্থ হয়েছি বিশ্বকাপে। অস্ট্রেলিয়া সিরিজে ওখানে উন্নতি আনতে হবে সবার আগে। বোলিংয়ের কিছু জায়গায়ও উন্নতি করার দরকার আছে। বিশ্বকাপে আমাদের ফিল্ডিং ভালো হলেও চাইলে আরও ভালো করা সম্ভব।শুনছি, অস্ট্রেলিয়া সিরিজের পর আমাদের কোচ বদল হতে পারে। এই সিদ্ধান্ত সম্পূর্ণই বোর্ড নেবে। তবে আমার ব্যক্তিগত মত হলো, জেমি সিডন্সই সঠিক কোচ বাংলাদেশ দলের জন্য। বিশ্বকাপ বাদ দিয়ে যদি দেখেন, আমাদের সব ব্যাটসম্যানের রানের গড়ই তাঁর সময়ে বেড়েছে। সিডন্সের সময়ই সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছি আমরা। টেস্টে, ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছি। ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ভালো খেলেছি। ব্যাটিংয়ে তাই প্রাপ্তি অনেক। জয়ের কথা বললেও সিডন্সের সময়েই সেটা বেশি। অন্তত পারফরম্যান্সের দিক দিয়ে সিডন্সের বিরুদ্ধে অভিযোগ করার তাই কিছু নেই। আর শুধু একটা টুর্নামেন্টের ফলাফলের ওপর ভিত্তি করেই একজন কোচ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসাটাও ঠিক হবে না। বাংলাদেশের কোচ হিসেবে তাঁর পুরো সময়টাই মূল্যায়ন করা উচিত।সিডন্সকে আরও একটা কারণেও দরকার বাংলাদেশের ক্রিকেটে। অন্য দেশের খেলোয়াড়েরা জাতীয় দলে আসে প্রস্তুত হয়ে। কিন্তু আমাদের দেশের খেলোয়াড়েরা জাতীয় দলে প্রস্তুত হয়ে আসে না। তাদের প্রস্তুত হতে হয় দলে এসে এবং এর জন্য সিডন্সই সঠিক লোক।অনেকে সিডন্সকে কেবল ব্যাটিং কোচ হিসেবেই দেখেন। অথচ বিশ্বকাপে ভালো বল করার পর শফিউলও বলেছে জেমি ওকে অনেক সাহায্য করছে। ব্যাটিং কোচ হিসেবে ব্যাটিংটাই বেশি দেখলেও সিডন্স সব বিষয়েই সবাইকে সাহায্য করতে পারেন, করেনও। আমাদের যখন ফিল্ডিং কোচ ছিল না তখন উনি ফিল্ডিংটাও দেখতেন। বাইরের দেশের অনেককে বলতে শুনেছি, সিডন্স বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং কোচ।একজন কোচ যখন একজন পেস বোলারের ইনসুইং-আউটসুইং ঠিক করে দিতে পারেন, যার ভালো ফিল্ডিং কোচ হিসেবে খ্যাতি আছে এবং যখন সবাই এটাও মানে যে উনি একজন ভালো ব্যাটিং কোচ—তাহলে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কই?