আবারও ব্যাটিং হতাশায় ডুবল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানের খাতা না খুলেই সাজঘরে ফিরছেন বাংলাদেশের অন্যতম প্রধান ভরসা সাকিব আল হাসান।
রানের খাতা না খুলেই সাজঘরে ফিরছেন বাংলাদেশের অন্যতম প্রধান ভরসা সাকিব আল হাসান।

বাংলাদেশের সমর্থকেরা ফিরিয়ে আনতে চেয়েছিল ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুখস্মৃতি। কিন্তু আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিরল ২০১১ বিশ্বকাপের দুঃসহ স্মৃতি। সেদিন এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছিল বাংলাদেশ। আজ পরিস্থিতি ততটা খারাপ না হলেও ম্যাচ শেষে আফসোস আর হাহাকারই সঙ্গী হলো বাংলাদেশ সমর্থকদের। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হলো ৯৮ রানে।
শেষপর্যায়ে মাশরাফি ১৯, সোহাগ গাজী ১১ ও জিয়াউর রহমান ৯ রান না করলে আজই হয়তো হয়ে যেত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে কম রানের ইনিংসের নতুন রেকর্ড। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ অলআউট হয়েছিল ৭৮ রানে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের আরেকটি লজ্জাজনক রেকর্ড আজ নতুন করেই গড়েছে বাংলাদেশ। ৭৩ রানের এই হারটাই এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হারের নতুন রেকর্ড। এর আগে ২০০৭ সালে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৬৪ রানের ব্যবধানে।
প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনার তামিম ইকবাল (৫), এনামুল হক (১০) ও সাকিব আল হাসানের (০) উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় সর্বনাশটা করেছেন স্যামুয়েল বদ্রি। ১১তম ওভারেই এই ডানহাতি লেগস্পিনার তুলে নিয়েছিলেন সাব্বির আহমেদ (১), মুশফিকুর রহিম (২২) ও মাহমুদুল্লাহর (১) উইকেট। স্কোরবোর্ডের অবস্থা ছিল ১১ ওভার শেষে ৭ উইকেটে ৫৯ রান। হারটাও নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। শেষপর্যায়ে মাশরাফি, সোহাগ গাজীরা শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন। ক্যারিয়ারসেরা বোলিং করে মাত্র ১৫ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন বদ্রি। তিনটি উইকেট গেছে ক্রিসমার সান্টোকির ঝুলিতে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথের ৭৮ ও ক্রিস গেইলের ৪৮ রানের ইনিংস দুটির সুবাদে স্কোরবোর্ডে ১৭১ রান জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ।