ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান আফ্রিদি
বিশ্বকাপে বল হাতে পুরোপুরিই সফল পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শেষ করেছেন ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর। কিন্তু ব্যাট হাতে একেবারেই উল্টো চিত্র। আট ম্যাচে মাত্র ৮৪ রান সংগ্রহ করতে পেরেছেন হার্ডহিটার, মারকুটে হিসেবে পরিচিত এ পাকিস্তানি ব্যাটসম্যান। দুর্দান্ত বোলিং দিয়েও ব্যাটিংয়ের ক্ষতটা পুরোপুরি ঢাকতে পারছেন না আফ্রিদি। এমনকি তাঁর মেয়েও নাকি বাবার ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিদ্রূপ করছে। কাজেই সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে ভালো কিছু করে দেখানো ছাড়া কোনো গতি নেই এ পাকিস্তানি অলরাউন্ডারের।গতকাল করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে আমি আমার ব্যাটিংয়ের দিকে মনোযোগ দেব। ব্যাটিংয়ের অবস্থা আসলেই খুব খারাপ। এমনকি আমার মেয়েও আমাকে ডাকা শুরু করেছে, “বাবা, বুম বুম আউট” বলে।’খুব বিধ্বস্ত অবস্থার মধ্যে থেকেও বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে পারাটা একটা বিশাল অর্জন হিসেবে বিবেচনা করছেন আফ্রিদি। মোটামুটি সফল এ বিশ্বকাপ যাত্রার পর এখন পাকিস্তানকে বিশ্বের সেরা দল হিসেবেই দেখতে চান তিনি। এখন পাকিস্তান দলের মধ্যে সেই সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে উল্লেখ করে আফ্রিদি বলেছেন, ‘সম্প্রতি আমার দল অনেক উন্নতি করেছে। অনেক চাপের মধ্যেও বিশ্বকাপে আমাদের পারফরমেন্সটা প্রশংসনীয়ই ছিল। এ অগ্রগতির ধারাটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরাও অস্ট্রেলিয়ার মতো জায়গায় যেতে পারব।’আগামী ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই উইন্ডিজ সফরে দুটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান। ওয়েবসাইট।