ব্যাটিংয়ে ‘রহস্য’ থাকলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে নামার সময় একটু কি হাততালি পেলেন মোহাম্মদ আশরাফুল? পেতেই পারেন। ১৪৭ রানে ৫ উইকেট স্কোরটাই তো ড্রেসিংরুমে ফিরিয়ে নিয়ে গেছে তামিম, সাকিব, মুশফিকুরদের! আশরাফুলের খেলার সুযোগ পাওয়া নিয়ে এ দেশে যতই বিতর্ক থাকুক, ব্যাটিং-বিপর্যয়ের ওই সময়টাতে তিনিই ছিলেন আঁধার ঘরের মানিক।কিন্তু একি করলেন আশরাফুল? যেদিন তাঁর কাছে ভালো খেলার দাবি সবচেয়ে বড় হয়ে এল, সেদিনও একই রকম অবিবেচক! দলে অনিয়মিত থাকলে গত কয়েক ম্যাচে অদ্ভুত সব শট খেলে আউট হয়েছেন আশরাফুল। কাল প্রেসবক্সে আলোচনা হচ্ছিল, এদিনও আশরাফুল লেট কাট, প্যাডল সুইপ বা স্কুপ-জাতীয় কোনো শট খেলে আউট হন কি না। আশরাফুল কি শুনেছিলেন আলোচনাটা? নিজের ইনিংসের ষষ্ঠ বলেই আইরিশ অফ স্পিনার অ্যান্ড্রু হোয়াইটকে খেলতে গেলেন প্যাডল সুইপ। ইদানীং প্রথাগত শটেই যেখানে তিনি সপ্রতিভ নন, সেখানে অমন শটের পরিণতি ‘আউট’ই হওয়ার কথা। হাততালি দিয়ে মাঠে নামানোর এমন পরিণতি! ফেরার পথে গ্র্যান্ড স্ট্যান্ডের দর্শকেরা নিশ্চয়ই সমর্থনের সবটুকু ফেরত চেয়েছেন তাঁর কাছে। অনেক দূরের প্রেসবক্স থেকেও দেখা গেল, ড্রেসিংরুমের খুব কাছে বসা এক দর্শক উত্তেজিত হয়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন আশরাফুলকে। পাশে বসা আরেকজন তাঁকে নিরস্ত করলেন।এ দেশে বিশ্বকাপকে বাঁচিয়ে রাখতে, বিশ্বকাপে এ দেশকে বাঁচিয়ে রাখতে জরুরি হয়ে দাঁড়িয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে জয়। বোলারদের কৃতিত্বে শেষ পর্যন্ত পাওয়া গেল সেটি। অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ শেষে আশাবাদ জানালেন, ‘আগের ম্যাচে বোলিং খারাপ হয়েছে, এই ম্যাচে ব্যাটিং। আশা করি পরের ম্যাচে দুটোই ভালো হবে।’ তবু কালকের ব্যাটিং বাকি বিশ্বকাপের জন্য কিছুটা দুশ্চিন্তার তো বটেই।সাড়ে ৬ ওভারে ৫৩ রানের চোখ ধাঁধানো উদ্বোধনী জুটিতে তামিম-ইমরুল প্রায় সাড়ে ২৪ হাজার দর্শককে আশাবাদী করেছিলেন। কিন্তু স্বপ্নের ছায়াতলেই যে হাঁটে স্বপ্নভঙ্গের বেদনা! শুরুতে কেউ তামিম-ইমরুলের ব্যাটিংটাকে বাংলাদেশ ব্যাটিংয়ের ‘প্রোমো’ ভেবে থাকলে পরে নির্ঘাৎ বোকা বনে যাওয়ার লজ্জায় পুড়েছেন।পেস বলে ইমরুল কায়েসের স্টাম্পড হওয়া দিয়ে শুরু। জন মুনি উইকেটকিপার নিয়াল ও’ব্রায়ানকে সামনে এগিয়ে এনেছিলেন আগেই। ফাঁদটা কি খেয়াল করেননি ইমরুল? ফ্লিক করার জন্য ক্রিজ থেকে যেটুকু নড়তে হয়, সেটুকুই নড়লেন। ও’ব্রায়ানের ক্ষিপ্র স্টাম্পিংয়ের কাছে হার মেনে ড্রেসিংরুমে ফিরতে হলো তাতেই। দুর্ভাগ্য ছাড়া আর কী বলবেন একে, যেমন দুর্ভাগ্য জুনায়েদ এবং পরে রকিবুলেরও রানআউট হওয়া। রানআউট মানেই রানিং বিটুইন দ্য উইকেটে ব্যাটসম্যানদের সূক্ষ্ম কোনো হিসাবের ভুল। সেই ভুল যখন এক ইনিংসে দুবার হয়ে যায়, দুর্ভাগ্যই তো।কোনো আউট নিয়েই তামিম ইকবালের মনে আফসোস থাকে না। কালকের আউটটি নিয়েও নিশ্চয়ই নেই। শুরুটা মারমার কাটকাট করলেও ৬১ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর তামিম বোধ হয় ভারত ম্যাচের ব্যাটিংটাতে ফিরে যেতে চাচ্ছিলেন। কিন্তু সময় পেলেন কই? দ্বাদশ ওভারে আন্দ্রে বোথার অফ স্টাম্পের বলটায় ডাইভ করতে গিয়ে একটু দেরিই করে ফেললেন যেন, পয়েন্টে পোর্টারফিল্ডের ক্যাচ। বোথা নিজের বলে নিজে যে ক্যাচটা নিয়েছেন, সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। তবে সাকিবের আউটে বোথার যতটা না কৃতিত্ব, তার চেয়ে বেশি অবদান বোধ হয় ব্যাটে আসার আগে বলটাকে নিচু করে দেওয়া উইকেটের।৬৬ বলে ৩৬ রান করে পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার পর আরেকটু দায়িত্ব নিতে পারতেন মুশফিকুর। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে ধৈর্যও ধরতে পারতেন। অথচ বাঁহাতি স্পিনার জর্জ ডকরেলকে অযথাই খেলতে গেলেন সুইপ, বল আকাশে তুলে দিয়ে শর্ট ফাইন লেগে হোয়াইটের ক্যাচ। প্রথমে আশরাফুল, মাঝে মুশফিকুর এবং শেষে নাঈম—শর্ট ফাইন লেগে কাল বাংলাদেশের বিপক্ষে অশরীরী কিছু দাঁড়িয়ে যায়নি তো!অশরীরী কিছু ভর করে থাকতে পারে আইরিশ বোলারদের ওপরও। এমন সাদামাটা বোলিংয়ের সামনেও নইলে কেন অমন জড়সড় হয়ে পড়বে বাংলাদেশের আত্মবিশ্বাসী ব্যাটিং লাইনআপ! গোটা ইনিংসে একটাও ছক্কা থাকবে না কেন, কেন ছক্কা মারার মতো শটও খেলবে না কেউ! ক্রিকেট আসলেই একটা রহস্য। কাল তার চেয়েও বেশি রহস্যময় হয়ে থাকল বোধ হয় বাংলাদেশের ব্যাটিং।