ব্যাটিংয়েও ভালো শুরু অস্ট্রেলিয়ার
মারমুখী ব্যাটিং করে সংগ্রহ যতটা সম্ভব বড় করার পরিকল্পনাই হয়তো ছিল স্টুয়ার্ট ব্রড আর গ্রায়েম সোয়ানের। সফলও হয়েছেন তাঁরা। ৩১৩ রানে নবম উইকেট পতনের পর শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৬১ রান। শেষ উইকেটে ব্রড আর সোয়ান যোগ করেছেন ৪৮ রান। এটাই ইনিংসে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। ৩৩ রান এসেছে ব্রডের ব্যাট থেকে। ২৮ রান করে অপরাজিত ছিলেন সোয়ান।ইংল্যান্ডকে অলআউট করার পর ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শুরুটা ভালোই হয়েছে। ১২ ওভার শেষে বিনা উইকেটে ৪২ রান তুলেছে সফরকারীরা। প্রথম বলেই টিম ব্রেসনানকে আউট করে আজ দ্বিতীয় দিনের শুরুটাও বেশ ভালোভাবেই করেছিলেন রায়ান হ্যারিস। তিন ওভার পরে জেমস অ্যান্ডারসনকেও সাজঘরে পাঠিয়ে ৫ উইকেট পূর্ণ করেন এই পেসার। ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান ব্রডের উইকেটটি গেছে জেমস প্যাটিনসনের ঝুলিতে। ৭ উইকেটে ২৮৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করার পর আজ শেষ তিন উইকেটে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে আরও ৭২ রান।