ব্যাটিংয়ের অর্জন ফিল্ডিংয়ে বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যানদের কেউই থিতু হতে পারেননি উইকেটে। প্রথম ইনিংসে ৩৪৬ রান করার পরও আগের দিন এটা নিয়ে আফসোস করেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক জুনায়েদ সিদ্দিক। কাল দ্বিতীয় দিন শেষে সে আফসোস বাড়ার কথা। ইনজুরিতে পড়ে তিনি নিজে ছিটকে গেছেন সিরিজ থেকে, দিন শেষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের স্কোরটাও অনেক বড়—৫ উইকেটে ৪৩৬ রান!ব্যাটসম্যানের মতো বোলারও অনেক বাংলাদেশ ‘এ’ দলে। অথচ কাল সাত বোলার ব্যবহার করেও মাত্র ৫টি উইকেটই ফেলা গেল সফরকারীদের! ওপেনার আলভিরো পিটারসেনের (১১৬) সেঞ্চুরির পর অপরাজিত ১০৪ রান নিয়ে দিন শেষ করেছেন হেইনো কুন, সঙ্গে অধিনায়ক থামি সোলেকিলে অপরাজিত ৫৯ রানে। কুনের সৌভাগ্য, ব্যক্তিগত ৪৭ রানের সময় ফয়সাল হোসেনের বলে স্লিপে তাঁর ক্যাচ ফেলেছেন জুনায়েদের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা সহ-অধিনায়ক শামসুর রহমান।শামসুরের ক্যাচটাকে সারা দিনে বাংলাদেশ ‘এ’ দলের ফিল্ডিংয়ের প্রতীক বলতে পারেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের আর কোনো ব্যাটসম্যান দ্বিতীয় জীবন না পেলেও বাংলাদেশি ফিল্ডারদের পিচ্ছিল হাত তাদের অপ্রত্যাশিত রান ‘উপহার’ দিয়েছে অনেক। পিসিএল আর এনসিএল টি-টোয়েন্টি লিগে টানা ক্রিকেট খেলেই সবাই ক্লান্ত হয়ে গেল কি না কে জানে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল খুবই দৃষ্টিকটু ছিল বাংলাদেশ ‘এ’ দলের মিস ফিল্ডিং। সঙ্গে ছিল রবিউল ইসলামের ক্রমাগত ‘নো’ বল করা আর শাহাদাতের বারবার মাঠের বাইরে যেতে চাওয়ার প্রবণতা।৫০ রান দিয়ে উইকেটশূন্য পেসার রবিউল ৮ ওভারে ১৩টি নো বল করেছেন, এক ওভারেই আছে যার সাতটা! ঘরোয়া ক্রিকেটে যে সমস্যার কারণে বারবার তাঁকে ‘নো’ ডাক শুনতে হয়, কালও কারণ সেটাই—ওভার স্টেপিং। আরেক পেসার শাহাদাতের ২টি নোসহ বাংলাদেশের বোলারদের করা ‘নো’ বল মোট ১৫টি, অতিরিক্ত খাতেই ২৫ রান পেয়েছে অতিথি দল। শাহাদাতের সমস্যা ছিল আরও। কখনো পেটব্যথার কারণে মাঠের বাইরে যেতে চান তো কখনো হাতে টেপ লাগাতে। আম্পায়ার বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের এনামুল হকের সঙ্গে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার জন কলেটও ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকায় শাহাদাতের ইচ্ছা প্রতিবারই পূরণ হয়নি। আর যে দুবার তিনি মাঠের বাইরে যেতে পেরেছেন, সে দুবারও কারণটা সত্যি ছিল না বলে মনে হয়েছে আম্পায়ারদের কাছে। দিন শেষে আম্পায়াররা সেটি ম্যাচ রেফারিকে জানালে শাহাদাত নাকি দুঃখ প্রকাশ করেছেন।বাংলাদেশ ‘এ’ দলের বোলার-ফিল্ডারদের এমন দিনে তরতর করে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ইনিংস। ডিন এলগার ও আলভিরো পিটারসেনের ওপেনিং জুটিই দিয়েছে ১০৩ রান। দলকে ২১৭ রানে রেখে পিটারসেন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ড্রেসিংরুমে ফিরলে জোনাথন ভ্যানডায়ার (৫১) ও থামি সোলেকিলেকে নিয়ে বাকি দিনটা পার করে দেন কুন। পঞ্চম উইকেটে ভ্যানডায়ারের সঙ্গে ১০৬ রানের জুটির পর দিন শেষে সোলেকিলের সঙ্গে ১১৩ রানের জুটিতে অবিচ্ছিন্ন তিনি। বোলার-ফিল্ডারদের ব্যর্থতার দিনেও ১০৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সফল মুখ ফয়সাল হোসেন।