ব্যাটিংয়ের চেয়েও কঠিন যে কাজ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

যুগটা ছিল ল্যান্ডফোনের, পত্রমিতালির। মুঠোফোন তখন হয়তো বিল গেটসরা ব্যবহার করতেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম তো আসেইনি। মনের কথা জানাতে তাই চিঠিই সই। ছেলেটা একবুক আবেগ নিয়ে বসল চিঠি লিখতে। বিধি বাম! ব্যাট যাঁর হাতে চলে খাপখোলা তলোয়ার, কলম যেন তাঁর হাতে জগদ্দল পাথর। কিন্তু লিখতে তো হবেই, ওদিকে যে প্রেমিকা বসে আছে ডাকপিয়নের অপেক্ষায়! নীল খামে প্রিয়তমার ছোঁয়া, সলজ্জ হাসি—ছবির মতো ভেসে ওঠে ছেলেটার সামনে। সে আবার লিখতে শুরু করে।
শচীন টেন্ডুলকারকে তখন মাত্র চিনতে শুরু করেছে বিশ্ব। অঞ্জলি তখনো মেডিকেলের ছাত্রী। পরশু হঠাৎ করেই স্মৃতির চোরাবালিতে হারিয়ে গেলেন ভারতরত্ন, ‘সে সময় কোনো মোবাইল ফোন ছিল না। যোগাযোগের একমাত্র উপায় ছিল ল্যান্ডফোন বা চিঠি লেখা। আমার মনে আছে আমি বাবা-মাকে চিঠি লিখতাম। পরে তো অঞ্জলিকে লিখতে শুরু করলাম।’ লেখাটা যে খুব ‘আনন্দদায়ী’ কাজ ছিল না সেটা মনে করছেন, ‘ক্রিকেট বল মারাটা আমার কাছে একদমই সহজাত। কিন্তু অঞ্জলির কাছে চিঠি লেখার সময় কী লিখেছি সেটা দুবার পড়ে দেখতাম।’
হঠাৎ করেই কেন এই চিঠি লেখার কাহিনি আবার দৃশ্যপটে? চেন্নাইয়ে হাতের লেখার একটা প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েছিলেন টেন্ডুলকার। সেখানেই এই স্মৃতিচারণা।
চিকিৎসকদের হাতের লেখা নিয়ে অনেক রসিকতা চালু। অঞ্জলির চিঠি টেন্ডুলকার ঠিকঠাক পড়তে পারতেন তো? স্ত্রীকে লিটল মাস্টারের শংসাপত্র, ‘আমার স্ত্রী ব্যতিক্রম ছিল, কারণ তার হাতের লেখা খুবই সুন্দর।’
টেন্ডুলকার যতই বলুন চিঠি লিখতে প্রচুর কসরত করতে হতো; এটাও সত্য লেখালেখি কিছুটা হলেও তাঁর রক্তে ছিল। বাবা ছিলেন সাহিত্যের অধ্যাপক, বাসায় আবহটাই ছিল সাহিত্যচর্চার। পরে অন্য রকম ‘লেখালেখি’ দেখেছেন নিজের বাসার দেয়ালে, সেটা মেয়ে সারাহ ও ছেলে অর্জুনের কাঁচা হাতের আঁকিবুঁকি! হাতের লেখার গুরুত্বটা তাঁর কাছে এমন, ‘এটা এমন একটা জিনিস, একবার শিখলে সারা জীবন মনে থাকবে।’ জানিয়েছেন ভারত সতীর্থদের মধ্যে অনিল কুম্বলে ও সুব্রত ব্যানার্জির লেখাই ছিল সবচেয়ে সুন্দর।
ব্যাট-বল করতেন ডান হাতে, কিন্তু টেন্ডুলকার লেখেন বাঁ হাতে। ভারতের ক্রিকেট কিংবদন্তি এ ক্ষেত্রে সত্যিকারের সব্যসাচী! ওয়েবসাইট।