ব্যাটে দুর্দান্ত সাকিব, জিতল কলকাতাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসটি খেলার পথে সাকিব আল হাসান। ছবি ক্রিকইনফোর সৌজন্যে
২১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসটি খেলার পথে সাকিব আল হাসান। ছবি ক্রিকইনফোর সৌজন্যে

‘সাকিব, তোমার জাদু দেখাও’—পোস্টারে এমন একটা বাক্য লিখে এনেছিলেন কলকাতা নাইট রাইডার্সের এক সমর্থক। সাকিব দারুনভাবেই পূরণ করেছেন ইডেন গার্ডেনের সেই কলকাতা সমর্থকের প্রত্যাশা। ব্যাট হাতে দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। মাত্র ২১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে আট উইকেটের সহজ জয় এনে দিয়েছেন কলকাতাকে। চেন্নাইয়ের ছুঁড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সাকিবের দল।
১২তম ওভারে সাকিব যখন উইকেটে এসেছিলেন তখন জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৫৮ রান। এর মধ্যে ৪৬ রানই এসেছে বাংলাদেশের এই অলরাউন্ডারের ব্যাট থেকে।
সাকিব শুরুটা করেছিলেন ধীরস্থীরভাবেই। প্রথম ছয়টি বল খেলে নিয়েছিলেন মাত্র দুইটি সিঙ্গেল। তবে বিধ্বংসী হয়ে উঠতেও খুব বেশি সময় নেননি। ১৪তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে মেরেছিলেন প্রথম ছয়। এরপর প্রতিটা ওভারেই অন্তত একটি করে বাউন্ডারি মেরেছেন সাকিব। বেন হিলফেনহাউসের এক ওভারেই মেরেছিলেন একটি ছয় ও দুইটি চার। কলকাতাকে জয়ের বন্দরেও নিয়ে গেছেন চার মেরে। ২১ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে মোট ছয়টি চার ও দুইটি ছয় মেরেছেন সাকিব।
চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন রবিন উথাপ্পা। ৩৯ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ডানহাতি ওপেনার। কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীরের ব্যাট থেকে এসেছে ২১ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার ৬৫, ব্রেন্ডন ম্যাককালামের ২৮, ফাফ ডু প্লেসিসের ২৩ ও মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ২১ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৫৫ রান জমা করেছিল চেন্নাই সুপার কিংস।
আজকের এই জয় দিয়ে শেষ চারের আশা আরও জোরদার করেছে কলকাতা নাইট রাইডার্স। ১২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা বেঙ্গালুরুর সংগ্রহ ১০ পয়েন্ট। ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই।