ব্যাটে-বলে-নেতৃত্বে উজ্জ্বল নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যান সেই মুশফিক, বোলার নাসির। প্রথম ম্যাচের মতো কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলের অধিনায়কের উইকেট পেলেন ‘এ’ দলের অধিনায়ক   প্রথম আলো
ব্যাটসম্যান সেই মুশফিক, বোলার নাসির। প্রথম ম্যাচের মতো কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলের অধিনায়কের উইকেট পেলেন ‘এ’ দলের অধিনায়ক প্রথম আলো

অনেকের জন্য নেতৃত্ব বিষম ভার। অথচ তিনি এটি উপভোগ করেন! বলেছিলেন এবারের ঢাকা লিগে গাজী ট্যাংকের অধিনায়ক হওয়ার পর। এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হওয়ার পরও বলেছেন। তবে এখন আর মুখে না বললেও চলবে। মাঠের ক্রিকেটেই যে প্রমাণটা দিয়ে দিলেন নাসির হোসেন!

মাঠে দুই দলের লড়াইয়ে ঝাঁজ যতই থাকুক, এই সিরিজ আন্তর্জাতিক ম্যাচের চাপের ধারেকাছেও নেই। তবে যদি জানেন, নেতৃত্ব পরখ করতে নির্বাচকেরা রয়েছেন শ্যেনদৃষ্টি নিয়ে, তাহলে বাড়তি কিছু চাপ এমনিতেই চলে আসে। নাসিরের ওপরও নিশ্চয়ই ছিল। তবে পারফরম্যান্সে সেটার প্রভাব পড়তে দেননি। প্রথম ম্যাচে দলের জয়ে তাঁর অবদান ছিল মাঝারি। কাল তিনিই নায়ক। ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতালেন দলকে। প্রথম দুই ম্যাচেই টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজ জিতে নিল নাসিরের বাংলাদেশ ‘এ’। দুই অধিনায়কের লড়াইটা যদি হয় মুখোমুখি, সেখানেই সফল নাসির। পরশুর মতো কালও গুরুত্বপূর্ণ সময়ে মুশফিকুর রহিমকে আউট করেছেন নিজের প্রথম ওভারেই!

যখন বল হাতে নিয়েছিলেন নাসির, জাতীয় দলের রান ১০ ওভারে ৯৭। ১৮৫-১৯০ রান করে ফেলা ছিল খুবই সম্ভব। নিজের দ্বিতীয় বলেই নাসির টানা দ্বিতীয়বার কট বিহাইন্ড করলেন ২৪ বলে ৩৬ করা মুশফিককে। জাতীয় দলের ইনিংসটাও গতি হারিয়ে শেষ পর্যন্ত থামল ১৬৭ রানে। নাসির যখন ব্যাট হাতে নামলেন, জয়ের জন্য দলের প্রয়োজন ৫৯ বলে ৮৪। আরেক প্রান্তে দাঁড়িয়ে দেখলেন উইকেটে জমে যাওয়া মিঠুন আলীর (৩৩ বলে ৩৭) বিদায়। শেষ ৫ ওভারে প্রয়োজন ছিল ৫১। দেশসেরা দুই স্পিনারকে তুলাধোনা করে ২ ওভারেই কার্যত ম্যাচ শেষ করে দিলেন নাসির। সোহাগ গাজীর করা ইনিংসের ১৬তম ওভার থেকে এল ২২ রান, আবদুর রাজ্জাকের পরের ওভারে ১৩। প্রথম ১৭ বলে ২২ রান করা নাসির পরের ৮ বলে ২৮ করে ফিফটি ছুঁয়ে ফেললেন ২৫ বলেই। শেষ পর্যন্ত ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩১ বলে ৬২ রান করে। ম্যাচ শেষ ৯ বল আগেই।

এনামুল হকের সৌজন্যে জাতীয় দলের শুরুটা হয়েছিল টর্নেডোর গতিতে। শামসুরের বিশ্রামে কাল এনামুলের সঙ্গে ইনিংস ওপেন করেছেন সৌম্য। নিজের প্রথম দুই বলেই অন ও অফ ড্রাইভে মারলেন দারুণ দুটি চার। কিন্তু আগের দিন নন-স্ট্রাইক প্রান্তে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হওয়া ব্যাটসম্যান কাল রানআউট নিজের ভুলেই। কিন্তু এনামুল-ঝড়ে ৫ ওভারেই জাতীয় দল তোলে ৬১। ১৮ বলে ৩৯ করে এনামুল ক্যাচ দিয়েছেন সীমানায়। এনামুলের পর মুশফিকেরও বিদায়ে পথ হারায় জাতীয় দল। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর ৩০ বলে অপরাজিত ৩৮ রানে দল তোলে ১৬৭ রান।
‘এ’ দলের শুরুটা ছিল জাতীয় দলের উল্টো। ৫ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৩৭। মার্শাল আইয়ুবের পরিবর্তে একাদশে আসা মিঠুন আলী দলকে এগিয়ে নেন মুমিনুলকে (১৮ বলে ২৪) সঙ্গে নিয়ে। আর সাব্বিরকে নিয়ে দলকে জিতিয়ে ফিরেছেন নাসির হোসেন। দলের সঙ্গে জিতলেন তো নিজেই!

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৭/৯ (এনামুল ৩৯, সৌম্য ১৩, মুশফিক ৩৬, নাঈম ৩, মাহমুদউল্লাহ ৩৮*, জিয়াউর ২১, সোহাগ ৩, মাশরাফি ০, রাজ্জাক ৯, রুবেল ০, আল আমিন ১*; আলাউদ্দিন ০/৩২, আরাফাত ২/৪২, ফরহাদ ১/১৯, ইলিয়াস ১/২০, মুক্তার ০/২০, নাসির ২/২১, মুমিনুল ০/১২)। বাংলাদেশ ‘এ’: ১৮.৩ ওভারে ১৭১/৪ (ইমরুল ১৬, জহুরুল ৬, মিঠুন ৩৭, মুমিনুল ২৪, নাসির ৬২*, সাব্বির ১৫*; মাশরাফি ১/২৮, রুবেল ২/৩০, রাজ্জাক ০/২৭, আল আমিন ১/২৫, সোহাগ ০/৪০, মাহমুদউল্লাহ ০/১৫)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।