ব্যাটে-বলে সিরিজ-সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজে দুটি সেঞ্চুরি ও নব্বইয়ের ঘরে দুটি ইনিংস, ম্যান অব দ্য ম্যাচের হ্যাটট্রিক, ম্যান অব দ্য সিরিজ, ব্যাট হাতে ক্যারিয়ারের সফলতম সিরিজ—কোনোটিই খুব বেশি বিস্ময় জাগায় না। মাইক হাসির তো এই সামর্থ্য আছেই। কিন্তু ব্যাটিং-বোলিং দুটিতেই সিরিজের সেরা গড়—‘মিস্টার ক্রিকেট’ হয়তো চমকে দিয়েছেন নিজেকেও!হোক না হাসি মাত্র ৭ ওভার বোলিং করেছেন বা মাত্র ২ উইকেট পেয়েছেন, পরিসংখ্যান তাঁকে তো সবার ওপরেই রাখছে। ক্রিকেট পরিসংখ্যানের মজাটাও এখানে। সদ্য সমাপ্ত ওয়ার্ন-মুরালিধরন ট্রফিতে হাসির এই কীর্তিতে শুরু হয়েছে পরিসংখ্যানের পাতা উল্টানোও। ঘাঁটাঘাঁটি করে দেখা যাচ্ছে, ১৩৪ বছরের টেস্ট ইতিহাসে হাসির আগে এই কীর্তি ছিল মাত্র ২২ জনের! ব্যাটে-বলে সেরা হতে হলে যে অলরাউন্ডার হওয়া জরুরি নয়, এর প্রমাণ তো হাসিই। তালিকায় এমন ‘হাসি’ কিন্তু আছে আরও!রামনরেশ সারওয়ানকে নিশ্চয়ই অলরাউন্ডার বলবেন না। ২০০৪ সালে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন লেগ স্পিনে। এক সেন্ট লুসিয়া টেস্টেই পেয়েছিলেন ৭ উইকেট। ২ টেস্টে ২ ইনিংস ব্যাটিং করে রান করেছিলেন ৪০ ও অপরাজিত ২৬১। ব্যাটিং-গড় ৩০১, বোলিং ১৩.১২—দুটোতেই সেরা! সারওয়ান তো তবু মাঝেমধ্যে হাত ঘোরান, কিন্তু ভিভিএস লক্ষ্মণ? বিশ্বাস করুন আর না-ই করুন, এই তালিকায় লক্ষ্মণও আছেন। ২০০৭ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাঁর ব্যাটিং-গড় ছিল ২০৯, বোলিং-গড় ২! সিরিজে মাত্র ১ ওভারই অফ ব্রেকের মতো কিছু একটা করেছিলেন, তাতেই মিলেছিল মোহাম্মদ সামির উইকেট।লক্ষ্মণের মতো ১ উইকেট নিয়েই তালিকায় জায়গা পেয়েছেন নিল হার্ভে, ডগ ওয়াল্টার্স, গুন্ডাপ্পা বিশ্বনাথ, ডেমিয়েন মার্টিন ও অরবিন্দ ডি সিলভাও। বিশ্বনাথের আবার ওটাই একমাত্র টেস্ট উইকেট। ওয়াল্টার্স অবশ্য মাঝেমধ্যেই বল হাতে নিতেন। ৭৪ টেস্টে ৪৯ উইকেট—বোলিং রেকর্ড খারাপ নয়। অরবিন্দ ডি সিলভাকে তো অলরাউন্ডারই বলা যায়। তবে ডি সিলভার কীর্তিটা অনন্য হয়ে আছে আরেকটা কারণে। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে ২ টেস্টের সিরিজে ১টি ম্যাচই খেলেছিলেন। একমাত্র ইনিংসে রান করেছিলেন ২০৬, ১ উইকেট পেয়েছিলেন ৭ রানে। ওই ম্যাচটিই ছিল ডি সিলভার ক্যারিয়ারের শেষ টেস্ট!তবে হাসি-লক্ষ্মণ-বিশ্বনাথদের মতো কেউ নন, এই কীর্তির শুরু একজন সত্যিকারের অলরাউন্ডারের হাতেই। ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকায় তিন টেস্ট সিরিজে ইংলিশ অলরাউন্ডার আর্থার হিলের ব্যাটিং-গড় ছিল ৬২.৭৫, আন্ডার আর্ম বোলিংয়ে ৪ উইকেট পেয়েছিলেন ২.০০ গড়ে। শুধু প্রথম নয়, একটা ক্ষেত্রে এখনো একমাত্র হয়ে আছেন হিল। ওই সিরিজই ছিল তাঁর অভিষেক ও শেষ সিরিজ! একমাত্র সিরিজে এই কীর্তি নেই আর কারও। হিল অবশ্য ব্যতিক্রমী ছিলেন অনেক দিক থেকেই। হ্যাম্পশায়ারের ক্রিকেট দলের পাশাপাশি রাগবি ও হকি দলকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাডমিন্টন ও বক্সিংয়েও খুব ভালো ছিলেন। অথচ পেশায় ছিলেন ব্যাংকার!পরিসংখ্যানের ফাঁক গলে নয়, সত্যিকারের অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন স্ট্যানলি জ্যাকস। ১৯০৫ অ্যাশেজে ৪৯২ রান করেছিলেন ৭০.২৮ গড়ে, মিডিয়াম ফাস্ট বোলিংয়ে ১৩ উইকেট ১৫.৪৬ গড়ে। একাধিকবার ব্যাটে-বলে সিরিজ-সেরা গড়ের কৃতিত্ব আছে শুধু একজনেরই। সেই একজন, স্টিভ ওয়াহ এই কীর্তি গড়েছেন চার-চারবার! তালিকায় নাম আছে মুশতাক মোহাম্মদ, জেনোফোন বালাসকাস, ইয়ান বোথাম, জেরি গোমেজ, সনা ৎ জয়াসুরিয়ার মতো অলরাউন্ডার আর কেন ব্যারিংটন ও ড্যারেন লেহম্যানের মতো ‘প্রায়’ অলরাউন্ডারও। ক্রিকেটের প্রায় সব রেকর্ডে নাম লেখানো শচীন টেন্ডুলকারেরও সগর্ব উপস্থিতি আছে এখানে।বাকি থাকলেন কেবল একজন এবং সেই একজন সবার থেকে ব্যতিক্রম। লক্ষ্মণ-বিশ্বনাথদের উইকেট পাওয়ায় ছিল নির্মল আনন্দ, আর নাইটওয়াচম্যান হিসেবে নেমে জ্যাসন গিলেস্পির ডাবল সেঞ্চুরি চরম বিস্ময় জাগায় এখনো। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে গিলেস্পির ব্যাটিং-গড় ছিল ২৩১, বোলিং-গড় ১১.২৫। নিখাদ বোলার হয়েও ব্যাটে-বলে সিরিজ-সেরার কীর্তি একমাত্র তাঁরই!’