ব্যাটে যাদের ঝড়, বলে তাদের জাদু

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। এ আসরে ঝলসে উঠতে পারেন এমন ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের নিয়ে তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্বে জেনে নেওয়া যেতে পারে বিশ্বসেরা ছয় অলরাউন্ডারের গল্প।
শহীদ আফ্রিদি (পাকিস্তান)
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ তিনি। যদিও সেবার পাকিস্তানকে শিরোপা জেতাতে পারেননি। তবে দ্বিতীয় আসরের ফাইনালে শহীদ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যেই শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আগ্রাসী ব্যাটিংয়ের কারণে ‘বুম বুম’ শব্দদ্বয় নামের পাশে সেঁটে আছে বহুদিন ধরেই। ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের জন্ম যেন আফ্রিদির জন্যই! পাগলাটে ব্যাটিং, বিষ মেশানো লেগ স্পিন—সব মিলিয়ে এবারের আসরের বড় তারকার কাতারে ওপরেই রয়েছে আফ্রিদির নাম। এক-দুই ওভারে আফ্রিদির টর্নেডো ইনিংস গড়ে দিতে পারে বড় পার্থক্য। দ্রুত উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন একাই। সম্প্রতি এশিয়া কাপে ভারত এবং বাংলাদেশের বিপক্ষে দুটি অতিমানবীয় ম্যাচ জেতানো ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষদের অশনি সংকেত দিয়ে রেখেছেন পাকিস্তানের অলরাউন্ডার।
ম্যাচ: ৭০
গড়: ১৮.৯৮
রান: ১০৪৪
স্ট্রাইক রেট: ১৪৩.০১
অর্ধশতক: ৪
সর্বোচ্চ: ৫৪*
উইকেট: ৭৩
ইকোনমি রেট: ৬.৪৮
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
গত শ্রীলঙ্কা আসরের সর্বাধিক রান সংগ্রাহক ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন এ অলরাউন্ডার। ডান হাতি ব্যাটসম্যান ওয়াটসন নিজের দিনে যেকোনো বোলিং আক্রমণকে দুমড়ে-মুচড়ে দিতে সক্ষম। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিপক্ষে ওয়াটসন যেন আরো বেশি খুনে। বাংলাদেশের স্পিনসহায়ক উইকেট তাঁর জন্য সুবিধাই হবে বৈকি। স্পিনের বিপক্ষে ওয়াটসনের আগ্রাসী ব্যাটিং ইনিংসের মধ্যভাগে অস্ট্রেলীয়দের অনেকটাই নির্ভার রাখবে। মাপা লাইন-লেন্থের বোলিংয়ে প্রতিপক্ষের রানের চাকা আটকে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারেন। আইপিএল খেলার অভিজ্ঞতা ও নিয়মিত সাফল্য পাওয়া ওয়াটসনকে বাংলাদেশের উইকেটে আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে দেবে অনেকখানি। মিরপুরে বছর তিনেক আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে খেলেছিলেন ৯৬ বলে ১৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস। সর্বশেষ বাংলাদেশ সফর থেকে যদি অনুপ্রেরণা খুঁজে নেন ওয়াটসন, নিশ্চিত দুঃস্বপ্ন অপেক্ষা করছে প্রতিপক্ষের জন্য।
ম্যাচ: ৪১
গড়: ২৮.৮৩
রান: ১০৬৭
স্ট্রাইক রেট: ১৪৮.৬০
অর্ধশতক: ১০
সর্বোচ্চ: ৮১
উইকেট: ৩৬
ইকোনমি রেট: ৭.৫২
সাকিব আল হাসান (বাংলাদেশ)
ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর দিকে দুই চোখ ভরে চেয়ে থাকবে বাংলাদেশ। গত কয়েক বছর আইপিএলের দল কলকাতা নাইট রাইডারসের হয়ে নিয়মিত খেলায় ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণ বেশ ভালোই রপ্ত করা আছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। যেকোনো পরিস্থিতিতে নিজের সহজাত আক্রমণাত্মক ব্যাটিং করতে পারঙ্গম সাকিব। ব্যাট হাতে তুলির শেষ আঁঁচড়ে একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতাও রাখেন এ বাঁ হাতি। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিং অনুযায়ী ছয়ে আছেন সাকিব। নিয়মিত উইকেট শিকার ও দারুণ হিসেবি বোলিংয়ে একাই পার্থক্য গড়ে দিতে সক্ষম। বল হাতে প্রধান অস্ত্র হতে পারে তাঁর ‘আর্মার’ বল। পরিসংখ্যানও জানান দিচ্ছে সাকিবের সামর্থ্যের কথা। ঘরের মাঠে ছোট দলের বড় নায়ক হতে পারেন সাকিব।
ম্যাচ: ২৮
গড়: ২০.২১
রান: ৫৬৬
স্ট্রাইক রেট: ১২৭.৭৬
অর্ধশতক: ৩
সর্বোচ্চ: ৮৪
উইকেট: ৩৬
ইকোনমি রেট: ৬.৬৮
* আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ বাদে
মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
গত আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে খাদের কিনারা থেকে ম্যাচের ফলাফল বদলে দেওয়া ৭৮ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন মারলন স্যামুয়েলস। আর তাতেই ১৯৭৯-এর পর প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ছন্দে থাকা স্যামুয়েলস সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানদের একজন। ক্রিকেট বইয়ের প্রায় সব শটই জমা রয়েছে স্যামুয়েলসের ব্যাটে। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর খণ্ডকালীন অফস্পিন বোলিং টি-টোয়েন্টিতে বেশ কার্যকর। দ্রুত গতিতে উইকেট টু উইকেট বোলিং, গতির তারতম্য, ব্লকহোলে বোলিং করার সামর্থ্য—বোলার স্যামুয়েলসের বিশেষ কিছু। বাংলাদেশের উইকেটে ব্যাট ও বল হাতে অলরাউন্ডার স্যামুয়েলস হয়ে উঠতে পারেন সম্ভাব্য মহাতারকাদের একজন।
ম্যাচ: ৩০
গড়: ৩১.১৬
রান: ৭৪৮
স্ট্রাইক রেট: ১২৯.১৮
অর্ধশতক: ৭
সর্বোচ্চ: ৮৫*
উইকেট: ১৬
ইকোনমি রেট: ৭.৯৭
যুবরাজ সিং (ভারত)
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারার ‘ঐতিহাসিক’ সে ঘটনা কি ভোলা যায়! সেবার যুবরাজ সিংয়ের অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্যে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ভারত। নিজের দিনে বিশ্বের যে কোনো বোলিং আক্রমণকে পিটিয়ে ছাতু বানিয়ে দিতে সক্ষম যুবরাজ। সাম্প্রতিক সময়টা হয়তো খারাপ যাচ্ছে। ‘পুরোনো চাল ভাতে বাড়ে’—এ প্রবাদ মানলে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের ওপরই পাখির চোখ করবে, সন্দেহ নেই। এক্ষেত্রে অধিনায়ক ধোনির বড় ভরসার নাম যুবরাজের ওই বিধ্বংসী ব্যাটিং। বাঁ হাতি অফস্পিন বোলিংয়ে প্রতিপক্ষের রানের চাকা টেনে ধরতেও বেশ পারঙ্গম যুবি। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডার হিসেবেও দুর্দান্ত এ পাঞ্জাবি। এশিয়া কাপে ভারতের দলে উপেক্ষিত ছিলেন। এ উপেক্ষার জবাব দেওয়ার জন্য যদি বিশ্বকাপকেই বেছে নেন যুবরাজ, তাহলে ‘শনি’ অপেক্ষা করছে প্রতিপক্ষের জন্য!
ম্যাচ: ৩৪
গড়: ৩৩.৩৮
রান: ৮৬৮
স্ট্রাইক রেট: ১৫৩.০৮
অর্ধশতক: ৭
সর্বোচ্চ: ৭৭*
উইকেট: ২৩
ইকোনমি রেট: ৭.০৮
কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)
৫০ ওভারের ম্যাচে ৩৬ বলে সেঞ্চুরি! এরকম একটি ইনিংসকে ‘অতিমানবীয়’ না বলে উপায় আছে! এ বছরের প্রথম দিনেই ক্রিকেট দুনিয়াকে রীতিমতো তাক লাগিয়ে দিলেন কোরি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন অ্যান্ডারসনের দখলেই। অসুরের শক্তিতে বল পেটানোর ক্ষমতা তাঁর সহজাত। তাঁকে বিবেচনা করা হচ্ছে সময়ের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যানদের একজন। টি-টোয়েন্টি সংস্করণে তিনি অনুমিতভাবেই আরো ভয়ংকর হয়ে উঠবেন। অ্যান্ডারসনের বাঁ হাতি মিডিয়াম পেসে বাংলাদেশের মন্থর উইকেটে দারুণ কার্যকরী হতে পারে। ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি তাঁর বোলিং সামর্থ্যের কথা ভালোভাবেই জানান দিচ্ছে। গত অক্টোবরেই খেলে গেছেন বাংলাদেশে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নিশ্চয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ভালো কিছুই করতে চাইবেন উদীয়মান এ ব্ল্যাক ক্যাপস অলরাউন্ডার।
ম্যাচ: ৮
গড়: ৮.২০
রান: ৪১
স্ট্রাইক রেট: ১৩২.২৫
সর্বোচ্চ: ১৮
উইকেট: ২
ইকোনমি রেট: ৮.৩১