ব্যাটে রুদ্র রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ বলে দরকার ৪ রান। আইজাজ চিমার স্লোয়ারে স্কুপ করতে গিয়ে ব্যাটসম্যান বোল্ড। শেষ বলে একটি লেগবাই। গত এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশের ক্রিকেটে এমনই এক ক্ষত, সময় তাতে প্রলেপ ফেললেও বোবা যন্ত্রণাটা এখনো গুমরে ওঠে। আবদুর রাজ্জাকের ব্যাটিং নিয়ে ভাবতে গেলে তাই চিমার বলে বোল্ড হওয়ার ওই ছবিটাই যেন চোখে ভাসত সবার কাল পর্যন্ত। কালকের পর নিশ্চিতভাবেই চোখে ভাসবে শুধু বুলাওয়ে! গ্লেন ম্যাকগ্রা একবার বলেছিলেন, ‘সব টেলএন্ডারই নিজের ব্যাটিং নিয়ে গর্ব করে।’ গর্ব আছে রাজ্জাকেরও, যদিও নিজেকে টেলএন্ডার মানতে বরাবরই তাঁর প্রবল আপত্তি। নেটে ব্যাটিং নিয়ে খাটেন। সতীর্থরা তা নিয়ে টিপ্পনী কাটলে বা সংবাদকর্মীরা মজা করলে খুব ‘সিরিয়াস’ ভঙ্গিতে মনে করিয়ে দেন, একসময় তিনি ব্যাটসম্যানই ছিলেন। বিকেএসপিতে ব্যাটসম্যান হিসেবেই ঢুকেছিলেন, সঙ্গে করতেন মিডিয়াম পেস বোলিং। থার্ড ডিভিশন বাছাইয়ে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন, প্রথম বিভাগের দল আজাদ স্পোর্টিংয়ে ওপেন করতেন। এসব শুনিয়েও নিজের ব্যাটিং-সামর্থ্যটা কাউকে খুব একটা বিশ্বাস করাতে পারতেন না। তবে কালকের পর আর নিজের ব্যাটসম্যান জীবনের গল্প শোনাতে হবে না রাজ্জাককে। শুধু এটুকু বললেই চলবে, ‘দেশের হয়ে দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ড কার?’ অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশের দ্রুততম ওয়ানডে ফিফটি এখন রাজ্জাকেরই।২১ বলে ফিফটি করে ছুঁয়েছেন ২০০৫ সালে গড়া মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২২ বলে চারটি চার ও পাঁচ ছক্কায় অপরাজিত ৫৩। স্ট্রাইক রেট ২৪০.৯০, পঞ্চাশ-ছোঁয়া ইনিংসে দুই শ স্ট্রাইক রেটও নেই আর কারও। আগের সর্বোচ্চ ১৯০.৩২ ছিল আফতাব আহমেদের, ২০০৬ সালে খুলনায় কেনিয়ার বিপক্ষে ৩১ বলে ৫৯ রানের ইনিংসে। নয় নম্বরে নেমে কালকের রাজ্জাকের চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে আর শুধু ড্যারেন স্যামির, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ বলে ৫৮ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২৪১.৬৬। আরেকটি ছক্কা মারলে ছুঁতে পারতেন নয়ে নেমে স্যামির সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। দুবার ছয়টি করে ছয় মেরেছেন স্যামি। আর নয়ে নেমে বাংলাদেশের পক্ষে ফিফটিই আছে আর মাত্র একটি। ২০০৯ সালে এই বুলাওয়েতেই পেসার মাহবুবুল আলম করেছিলেন ৪৩ বলে ৫৯। দুটি বিশ্ব রেকর্ডে রাজ্জাক আছেন দুইয়ে, দুটিতেই ড্যারেন স্যামির পেছনে। নিজের ব্যাটিং-সামর্থ্যে যতই আস্থা থাকুক, এতটা নিশ্চয়ই রাজ্জাক নিজেও কখনো ভাবতে পারেননি! তবে জিম্বাবুইয়ানরা সম্ভবত এতটা অবাক হননি, রাজ্জাক যে বরাবরই তাদের জন্য আতঙ্কের নাম! ৩১ ওয়ানডেতে ৫৬ উইকেট নিয়েছেন, ৫ উইকেট নিয়েছেন তিনবার, আরও তিনবার ৪ উইকেট। শুধু বোলিংই নয়, ব্যাট হাতেও কালকের আগে ছোটখাটো যা ঝলক, সেটির জন্যও বেছে নিয়েছেন জিম্বাবুয়েকেই। ওয়ানডেতে আগের সর্বোচ্চ ৩৫ ছিল গত জিম্বাবুয়ে সফরেই। ওই সফরেই করেছিলেন টেস্ট সর্বোচ্চ ৪৩ (১৭ বলে, পাঁচ চার, তিন ছক্কায়)। ২০০৮ সালের চট্টগ্রাম টেস্টকে মনে না করলে অবশ্য রাজ্জাকের ব্যাটিংয়ের গল্প অসম্পূর্ণ থেকে যাবে। যে টেস্টে উদ্বোধনী জুটিতে ৪১৫ রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জি, সেই টেস্টেই স্টেইন-মরকেল-এনটিনিদের তোপ সামলে রাজ্জাক দুই ইনিংসে করেছিলেন ৩৩ ও ৩২।তবে কাল ছাড়িয়ে গেলেন আগের সবকিছুকেই। জিম্বাবুয়ের বোলাররা হাফভলি-শর্টপিচ করে গেছেন, তবে সেগুলোর উপযুক্ত শাস্তি দেওয়ার কৃতিত্ব রাজ্জাককে দিতেই হবে। একটা ছয়ে তো মাঠের বাইরে গাছের ওপর দিয়ে পাঠিয়ে বলই হারিয়ে ফেললেন। রাজ্জাকের হাতে এত জোর, এটাই-বা কজন ভাবতে পেরেছিলেন! শুধু ব্যর্থ হলেন নিজের আসল কাজটাতেই, দিনটাকে স্মরণীয় করতে পারলেন না ম্যাচ জিতে। বোলার রাজ্জাককে সামাল দিতে পারল বলেই হয়তো ম্যাচটা জিতে গেল জিম্বাবুয়ে। রেকর্ড-ছোঁয়া দিনেও তাই রাজ্জাক মাঠ ছাড়লেন বিষণ্ন মনে।