ব্যাটে ‘সৌরভ’, মুখে ঝাঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট-রূপকথার অংশ হওয়ার মতো এক ক্যাচ নিয়েছেন ফিল্ডিংয়ে। পরে ব্যাটিংয়ে নেমে ৫০ বলে অপরাজিত ৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংস। ‘মৃত্যুপথযাত্রী’ কলকাতা নাইট রাইডার্সের সেমিফাইনাল সম্ভাবনাকে অক্সিজেন জোগানো পারফরম্যান্স। নায়ক হতে গেলে আর কী চাই! নাইট রাইডার্সের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী অবধারিতভাবেই আইপিএলের নায়ক ছিলেন শনিবার রাতে। কিন্তু ম্যাচ জেতার পর নায়কের মুখ থেকে অমৃত ঝরল না, ঝরল গরল!যখন ‘গুরু’ গ্রেগ চ্যাপেলের সঙ্গে চলছিল তাঁর ক্রিকেট ক্যারিয়ারের অস্তিত্বের সংগ্রাম, তখনই যা একটু রেখে-ঢেকে কথা বলতে শোনা গেছে। তা না হলে চিরটাকাল তিনি সেই সোজাসাপটা মানুষ। কোনো ভড়ং নেই। যেটি সত্যি, উগরে দিয়েছেন অকপটে। এদিনও দিলেন। বললেন, ‘কিছু লোক আমাকে খাটো করতে চায়। আমি আগেও বলেছি, যথেষ্ট ভালো না হলে আমি টিকে থাকতে পারতাম না। সম্ভবত এটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি কঠোর পরিশ্রম করছি এবং কাজটা করছি সততার সঙ্গে।’বুঝতে বাকি থাকে না সৌরভ কোন ‘লোকদের’ কথা বলেছেন। এই লোকগুলোই তাঁর পুরোটা ক্যারিয়ারকে দেখেছে একচোখে। তাঁর সাফল্যের ফুলগুলোকে রেখেছে বন্ধচোখের আড়ালে, ব্যর্থতার দু-একটি কাঁটাকেই তুলে এনেছে সামনে। কিন্তু সৌরভ নিজে ব্যর্থতার কাঁটাগুলো ঢেকে রাখতে পারফরম্যান্সের ফুল ফুটিয়েছেন বারবার। পারফরম্যান্সই ছিল তাঁর ভাষা। সেই ভাষাটা বুঝে গ্রেগ চ্যাপেলকেই উল্টো সরে দাঁড়াতে হয়েছে। উল্টো সৌরভ অনুচ্চার জবাবে বুঝিয়ে দিয়েছেন কীভাবে ফিরে আসতে হয়। এই নাইট রাইডার্সেই গত বছর চ্যাপেলের স্বদেশি আরেক অস্ট্রেলিয়ান কোচ জন বুকাননও সৌরভকে টলানোর যাবতীয় চেষ্টা করেও তাঁর সঙ্গে পারেননি।নাইট রাইডার্সের সিংহাসন ফিরে পাওয়ার পর এবারও তো ফুলের সম্ভাষণ পেলেন না, বরং মাঝেমধ্যেই কাঁটায় ক্ষতবিক্ষত হলেন। ম্যাচ জিতলে যতটা না অভিনন্দন পান, তার চেয়ে বেশি নিন্দাটাই জোটে হেরে গেলে। অথচ সাঁইত্রিশের সৌরভও যে আন্তর্জাতিক ক্রিকেটকে দুই বছর আগে বিদায় বলে দিয়েও মাঠে আলো ছড়াচ্ছেন সেটি যেন অনেকের কাছে অজানা। শচীন টেন্ডুলকার-বন্দনা চলে চারদিকে, কিন্তু সৌরভ নিতান্তই এক সাধারণ চরিত্র থেকে যান। অথচ এবারের আইপিএলে সৌরভ চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক (১৩ ম্যাচে চারটি ফিফটিসহ ৪৫১ রান)।সৌরভ তাই প্রতিক্রিয়া দেখাতেই পারেন। ‘এত দিন ক্রিকেটের সঙ্গে থেকে আমি জানি কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। একটা উদ্দেশ্য নিয়েই আমি খেলি, প্রতিটি ম্যাচে ভালো করা। এটি মাঝে মাঝে হয়, কখনো কখনো হয় না। তবে আমি এটা অন্তরের গভীর থেকেই বিশ্বাস করি, মাঠের বাইরে যদি আমি চেষ্টাটা চালিয়ে যেতে পারি, তাহলে মাঠে আমি সফল হবই।’জানালেন, প্রেরণার অভাবে কখনোই ভোগেননি, ‘যে ম্যাচেই আমি খেলি না কেন, অনুপ্রেরণার অভাব বোধ করিনি কখনোই। আমি খেলাটা যথেষ্ট আবেগ ঢেলে খেলি। দলের প্রতি আমার দায়িত্ববোধ আছে, ব্যক্তিগত গর্ববোধই আমাকে এগিয়ে দেয়। আমি খুশি, আমি ভালো খেলে কেকেআরকে জেতাতে পেরেছি।’ সমালোচকদের কাছে এই কথাগুলোকে মনে হতে পারে গরল। কিন্তু সৌরভ তো আসলে ক্ষোভের সঙ্গে সত্যি কথাই বলেছেন। যেমনটা তাঁকে মানায়! ওয়েবসাইট।