ব্যাডমিন্টন লিগে বিদেশি আনার হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম ভেঙেছে ব্যাডমিন্টন ফেডারেশনের। তিন বছর পর আবারও শুরু হচ্ছে প্রথম বিভাগ ব্যাডমিন্টন। কাল থেকে শুরু হতে যাওয়া লিগে অংশ নিচ্ছে আট দল—বর্তমান চ্যাম্পিয়ন বিমান, নিট কনসার্ন, আহ্বান ব্যাডমিন্টন ক্লাব, দেওয়ান টেক্সটাইল ক্লাব, মাহা স্পোর্টিং ক্লাব, গুলশান স্পোর্টিং ক্লাব, সূর্যতরুণ ও প্যাসিফিক অ্যাসোসিয়েটস।নব্বইয়ের দশকে মোহামেডান মুখ ফিরিয়ে নেওয়ার পর থেকে ব্যাডমিন্টনের আধিপত্য বিমানের হাতে। তবে নিট কনসার্নও যথেষ্ট শক্তিশালী দল গড়ে থাকে প্রতিবার। এবারও বিদেশিদের নিয়ে শক্তিশালী একটি দল গড়ার পরিকল্পনা তাদের। দলের ম্যানেজার অহিদুজ্জামান রাজু জানান, ‘এরই মধ্যে আমরা মালয়েশিয়ার সাবেক জাতীয় দলের খেলোয়াড় কৃষ্ণানকে নিবন্ধন করিয়েছি। তিনি ঢাকায় চলে এসেছেন। আরও কয়েকজনকে আনার চেষ্টা চলছে।’ বিমানকে ঠেকাতে র্যাঙ্কিংয়ের প্রথম সারির এনায়েত, জাভেদ, হান্নান, শাপলা, এলিনাদেরও দলে নিয়েছে নিট কনসার্ন। সেই সঙ্গে ভালো মানের বিদেশি মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতোই শক্ত দল গড়তে চায় নিট কনসার্ন। সূর্যতরুণ ক্লাবও মালয়েশিয়া, ফিলিপাইন বা ভারত থেকে একজন করে পুরুষ ও একজন মহিলা খেলোয়াড় আনার পরিকল্পনা করছে।