ব্যাডমিন্টন লিগে ভোগান্তির পূর্বাভাস
প্রতিটি টুর্নামেন্ট শুরুর আগে প্রশ্নটা অবধারিতভাবে চলে আসে, ‘এই উডেনফ্লোরে কি খেলা সম্ভব?’ ফেডারেশনের কর্মকর্তারা করুণ মুখে বলেন, ‘আমরা এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) চিঠি দিয়েছি। তারা সংস্কারের উদ্যোগ নিয়েছে।’
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে চার বছর পর আগামীকাল শুরু হবে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ, পৃষ্ঠপোষক হেলভেশিয়া। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন সভাপতি রুবাবা দৌলাও কাল বললেন পুরোনো কথাই, ‘জিমনেসিয়ামের মেঝে সংস্কারের জন্য এরই মধ্যে একটা বাজেট দিয়েছে এনএসসি। সংস্কারকাজ চলছে।’
সমস্যা আছে আরও। জিমনেসিয়ামের শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্রগুলোর বেশির ভাগই বিকল। বৈশাখের ভাপসা গরমের মধ্যে শাটলারদের খেলতে হবে লোডশেডিংয়ের আশঙ্কা নিয়েই। এবার অবশ্য নির্বিঘ্ন বিদ্যুৎসেবা পেতে আগেভাগেই নাকি জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে রেখেছেন কর্মকর্তারা!
বর্তমান চ্যাম্পিয়ন বিমান এবার দলই গড়েনি। তবে লিগ জমজমাট করতে অন্য ক্লাবগুলো আনছে বিদেশি খেলোয়াড়। নিট কনসার্ন, দেওয়ান টেক্সটাইল, কাওয়াসাকি বাংলাদেশ বি, সি, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাতজন খেলোয়াড় আনছে। মাহা স্পোর্টিং, সূর্যতরুণ ক্লাব ও ঢাকা গ্ল্যাডিয়েটরস ভারতের একাধিক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের তারকা খেলোয়াড় সাইনা নেওয়াল যে একাডেমি থেকে উঠে এসেছেন হায়দরাবাদের সেই গোপীচাঁদ ব্যাডমিন্টন একাডেমি থেকে খেলোয়াড় আনার চেষ্টা করছে
গ্ল্যাডিেয়টরস। প্রতিটি দলে দুজন করে বিদেশির নাম নিবন্ধন করা যাবে, খেলবেন একজন। পুরুষ ও মহিলা দলগত ইভেন্টে খেলা হবে। লিগে অংশ নিচ্ছে ৯টি দল। তলানির দলটি অবনমিত হবে দ্বিতীয় বিভাগে।