ব্যাডমিন্টনে আইমান-চমক
নিতান্ত শখের বশে ব্যাডমিন্টন খেলেন বাবা কামরুজ্জামান রতন। বিমানের ভ্যাটার্ন দলের হয়ে বেশ কয়েকবার খেলেছেন। কোথাও খেলতে গেলে সঙ্গে নিতেন ছেলেকে। ছেলের উৎসাহ দেখে একদিন হাতে তুলে দেন র্যাকেট। ভুল করেননি বাবা। মাত্র ১৫ বছর বয়সে আইমান ইবনে জামান দেশের সেরা খেলোয়াড়দের হারিয়ে জিতলেন বাংলাদেশ গেমসের পুরুষ এককের সোনা।পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল ফাইনালে রেলওয়ের আইমান হারিয়েছেন নারায়ণগঞ্জের মোস্তফা মোহাম্মদ জাভেদকে। প্রথম সেটে জাভেদ ২১-১৪ পয়েন্টে জিতলেও দারুণ কিছু র্যালি ও ব্যাকহ্যান্ড শটে খেলায় ফেরেন আইমান। পরের দুই সেট জেতেন ২১-১২ ও ২১-১৩ পয়েন্টে। উডেনফ্লোরের গ্যালারিভর্তি দর্শক সারাক্ষণ উৎসাহ দিয়ে গেছেন আইমানকে।তিন মাস আগে মালয়েশিয়া থেকে বাবার উদ্যোগে প্রশিক্ষণ সেরে এসেছেন আইমান। সোনার পদকটা যেন সেটারই ফসল, ‘বাবা আমাকে প্রায়ই ব্যাংকক ও মালয়েশিয়ায় অনুশীলনে নিয়ে যান। কুয়ালালামপুরে একটি একাডেমিতে আমি অনুশীলন করেছি। ভেবেছিলাম ফাইনালে জাভেদ ভাইয়ার কাছে হেরে যাব। তবে শেষ পর্যন্ত জিতেছি বলে খুবই ভালো লাগছে।’এর আগে জুনিয়রে চ্যাম্পিয়ন হলেও কখনো জাতীয় প্রতিযোগিতায় ফাইনালেই ওঠেননি আইমান। প্রথমবার উঠেই বাজিমাত। ফাইনালে ওঠার লড়াইয়ে হারিয়েছেন ছয় বারের জাতীয় চ্যাম্পিয়ন পরশ ও সাজ্জাদকে। ভবিষ্যতে এসএ গেমসে সোনা জয়ের স্বপ্ন দেখেন মানারাত ইন্টারন্যাশনালের নবম শ্রেণীর ছাত্র আইমান। পুরুষ দ্বৈতে সোনা জিতেছেন বগুড়ার পরশ ও মাশরাফি। মেয়েদের এককের সোনা জিতেছেন নারায়ণগঞ্জের শাপলা আক্তার। আর দ্বৈতের সোনা একই দলের শাপলা ও নাবিলা জুটির। মিশ্র দ্বৈতের সোনা জিতেছেন শাপলা ও সাজ্জাদ।