ব্যাডমিন্টনে কমিটি নিয়ে মারামারি
ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সোসাইটি গঠন নিয়ে রীতিমতো যুদ্ধংদেহী ছিল দুই পক্ষ! কদিন আগে অহিদুজ্জামান রাজুকে সভাপতি করে গঠিত হয় একটি কমিটি। কাল সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খানকে সভাপতি করে গঠন করা হয়েছে পাল্টা আরেকটি কমিটি। যে কমিটির সাধারণ সম্পাদক লিজা হোসেন।
এনায়েতের নেতৃত্বে কাল ব্যাডমিন্টন ফেডারেশনে সভায় বসেছিলেন তাঁর সমর্থকেরা। এ সময় ব্যানার খুলতে যান রাজু। এ নিয়ে গোলমালের শুরু এবং এনায়েতকে শারীরিকভাবে আঘাত করেন একজন। এনায়েতের দাবি, ‘ওই একজন বহিরাগত। অচেনা সব লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায় ওরা। অথচ গঠনতন্ত্র অনুযায়ী আমার কমিটিই বৈধ।’
তবে অন্য পক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এনায়েতের নেতৃত্বেই তাঁর সমর্থকেরা হামলা করেছে ওই পক্ষের ওপর। এই হামলায় আহত হয়েছেন জাতীয় দলের ক্যাম্পে থাকা রাজুর সমর্থক তিনজন খেলোয়াড়। তবে তা অস্বীকার করেছেন এনায়েত।