ব্যাডমিন্টনে টাকা এসেছে, তবু প্রশ্ন..

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন খেলোয়াড় টুর্নামেন্ট খেললেন, কিন্তু টাকা পেলেন না—এভাবে খেলোয়াড়েরা আগ্রহ হারিয়ে ফেলবেন। ব্যাডমিন্টনে এই আক্ষেপটা দীর্ঘদিন ছিল। এখন আর নেই। ব্যাডমিন্টন খেলোয়াড়েরা এখন টাকা পান!সেই আনন্দেই কি না জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান বলছেন, ‘আগে আমরা টাকা পেতাম না। এই ফেডারেশন পৃষ্ঠপোষক আনতে পারছে, প্রাইজমানি টুর্নামেন্ট হচ্ছে। গত জাতীয় প্রতিযোগিতায় ছিল তিন লাখ টাকার ওপরে প্রাইজমানি। আমি খুবই খুশি।’অখুশি নন আগের কমিটির কর্মকর্তা গোলাম জিলানীও, ‘হ্যাঁ, এই কমিটি এসে প্রাইজমানি টুর্নামেন্ট করছে, যেটা ব্যাডমিন্টনের জন্য ভালো।’পরক্ষণেই বলছেন, ‘আমরা ফেডারেশনের বাইরে থেকে কিছু বললেই বলা হবে বিরোধিতা করছি। কিন্তু লক্ষণীয় ব্যাপার, এ কমিটির সময় বাইরের চাকচিক্যই বেশি, ভেতরে ফাঁকা, অন্তর্দ্বন্দ্ব আছে। আমাদের সময় ছিল উল্টো। চাকচিক্য ছিল না স্পনসরের অভাবে, কিন্তু ভেতরের বুনিয়াদটা ছিল শক্ত।’এটা ঠিক, আগের তুলনায় ব্যাডমিন্টনে কর্মকাণ্ড বেড়েছে। তুলনামূলক খেলোয়াড়েরা বিদেশে খেলতে যেতে পারছেন আগের চেয়ে বেশি। তবে সেভাবে খেলোয়াড় উঠে আসছে না। খেলার মান কতটা বেড়েছে, সেটাও প্রশ্ন। কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, নিয়মিত খেলা আর প্রাইজমানিই সব নয়, খেলার মান না বাড়লে সবই বিফলে যাবে।ফেডারেশনের যুগ্ম সম্পাদক জাহিদুল হক (কচি) তা স্বীকার করে নিয়েছেন, ‘আমরা এই অল্প সময়ে অনেক আইটেম করেছি। আমরা আমাদের কাজে খুশি। তবু মানছি, খেলার মান তেমন বাড়ছে না। এটা এক দিনে হবে না। জুনিয়রদের তৈরি করার মাধ্যমে একটা সময় আমাদের মানোন্নয়ন হবে।’গত বছর ফেব্রুয়ারিতে ঢাকায় এসএ গেমস শেষে এই কমিটি গঠন করেছে সরকার। কিন্তু অন্য ফেডারেশনগুলোর মতো এখানেও নির্বাচন হচ্ছে না। নির্বাচনের জন্য বিরোধীরা অপেক্ষায়, চলছে দৌড়ঝাঁপও।এই কমিটি দুটি জাতীয় প্রতিযোগিতা করেছে। জুনিয়র টুর্নামেন্ট করেছে দুটি। একটি করে প্রথম, দ্বিতীয় বিভাগ, সামার ওপেন (র‌্যাঙ্কিং টুর্নামেন্ট)। এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশনের অধীনে জুনিয়রদের ট্রেনিং ক্যাম্প হয়েছে ঢাকায়।ফেডারেশন কর্মকর্তারা বলছেন, খেলাটি বিকেএসপিতে অন্তর্ভুক্ত হয়েছে, যেটার কৃতিত্ব দাবি করতে পারেন ফেডারেশন সভাপতি রুবাবা দৌলা। তাঁরা সবাই মোটামুটি একমত, বর্তমান খেলোয়াড়দের কাছ থেকে পাওয়ার আসলে কিছু নেই। ভবিষ্যৎ প্রজন্মই ভরসা। যারা উঠে আসতে পারে বিকেএসপি থেকে।সেটি ভবিষ্যতের ব্যাপার। আপাতত ফেডারেশনের কর্মকাণ্ডে চোখ রেখে দেখা যায়, ফেডারেশন সম্পাদক মাহবুবুর রব নিরবচ্ছিন্ন সময় দিতে পারেন না। স্ত্রীর অসুস্থতায় মাঝখানে তিন-চার মাস যুক্তরাষ্ট্রে ছিলেন। দুই মাস দেশে থেকে দুই দিন আগে ‘প্রবীণদের’ একটা টুর্নামেন্ট খেলতে কানাডায় গেছেন। সেখান থেকে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। সাধারণ সম্পাদক না থাকলে ভারপ্রাপ্ত দিয়ে চালাতে হয়। গোলাম জিলানী বলছেন, ‘আমরা তবু এবার এসএ গেমসে ব্রোঞ্জ এনেছি, পরের গেমসে ব্রোঞ্জও আসবে কি না সংশয় আছে।’ তাঁর দাবি, ‘নতুন খেলোয়াড় সেভাবে উঠে আসছে না। তা ছাড়া এই কমিটির সময় টুর্নামেন্ট আয়োজনের শেষ দিকে ঝামেলা দেখা যাচ্ছে।’ঢাকায় গত লিগ, পাবনায় গত জাতীয় প্রতিযোগিতা—এগুলোর শেষটা ভালো ছিল না। গত লিগে বাইলজ নিয়ে তো হাতাহাতি পর্যন্ত হয়ে গেল মন্ত্রীর সামনে। ব্যাডমিন্টনের অন্যতম পৃষ্ঠপোষক নিট কনসার্ন দল প্রত্যাহারেরই ঘোষণা দিয়েছিল। তদন্ত কমিটি হয়েছে, রিপোর্টে কী এসেছে, জানা যায়নি।এগুলোকে বড় করে দেখছে না এখনকার নেতৃত্ব। তবে বিরোধীরা বলছে, নির্বাচনের মাধ্যমে ‘গ্রহণযোগ্য’ একটি কমিটির বিকল্প নেই।