ব্যাডমিন্টনে দেশের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস্য, অকল্পনীয়, লজ্জাজনক! ব্যাডমিন্টনের অনৈক্যে আন্তর্জাতিক অঙ্গনে বিব্রতকর অবস্থায় পড়ল বাংলাদেশ।গতকাল ঢাকার উডেনফ্লোরে শুরু হয়েছে ১৪ দেশের আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজ। প্রথম দিনেই দৃষ্টিকটুভাবে ফুটে বেরোল বাংলাদেশ দলের বিভাজন। এমনিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশের খেলোয়াড়দের কাছে স্বপ্ন। কিন্তু এই টুর্নামেন্টে কিনা বাংলাদেশের শীর্ষস্থানীয় দুজনসহ চার সিনিয়র খেলোয়াড়, দুজন জুনিয়র ওয়াকওভার দিলেন! দুজন নারী খেলোয়াড়ও আসেননি। বাংলাদেশের বিপক্ষে ৯টি ম্যাচে ওয়াকওভার পেয়েছে প্রতিপক্ষ।সম্প্রতি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হকের (কচি) বিপক্ষে কয়েকজন নারী খেলোয়াড় অসদাচরণের অভিযোগ এনেছিলেন। ফেডারেশন জাহিদুলকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। টুর্নামেন্ট সম্পাদক করা হয়েছে হাফিজুর রহমানকে (মিলন)। এটা মানতে পারেননি কয়েকজন পুরুষ খেলোয়াড়। তাই দলে থেকেও তাঁরা খেলতে আসেননি। এখন প্রত্যেক খেলোয়াড়ের জন্য ২৫০ ডলার করে জরিমানা দিতে হবে বাংলাদেশকে।ওই খেলোয়াড়েরা হলেন সাবেক দুই জাতীয় চ্যাম্পিয়ন আহসান হাবিব ও রইসউদ্দিন সঙ্গে সাইফুদ্দিন, দুলাল। জুনিয়র খেলোয়াড় তুষার ও অনীক। নারী খেলোয়াড় কণিকা ও দোলা। একপক্ষের দাবি, দোলা অসুস্থতার কারণে আসেননি। তিনি ফেডারেশনকে চিঠিও দিয়েছেন। অন্যপক্ষ অবশ্য দুজনই ‘আন্দোলনে’ আছেন বলে দাবি করেছে।বিদ্রোহী খেলোয়াড়দের অন্যতম রইসউদ্দিন ব্যাখ্যা করলেন কেন তাঁদের এই চরম সিদ্ধান্ত, ‘আমরা হাফিজুর রহমানের অপসারণ চেয়ে ১২ দিন আগে ফেডারেশন সভাপতিকে চিঠি দিয়েছিলাম। তিনি চিঠির উত্তর দেননি। গতকাল (পরশু) তিনি আমাদের ফোন দিয়ে বলেছেন খেলার জন্য। কিন্তু আমাদের দাবি তিনি মানেননি, তা ছাড়া অনুশীলনবিহীন অবস্থায় বললেই খেলা যায় না।’আন্তর্জাতিক টুর্নামেন্টে ওয়াকওভার দিয়ে দেশকে লজ্জায় ফেলা ঠিক হলো? রইসের উত্তর, ‘আমরাও জানি, জিনিসটা খারাপ হয়েছে। আমরা খেলতেই চেয়েছিলাম। কিন্তু খেলতে না পারার দায় ফেডারেশনের।’ ফেডারেশন এখন শাস্তি দিলেও রইসদের ‘কিছু করার নেই!’বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এনায়েতউল্লাহ খেলছেন টুর্নামেন্টে। সতীর্থদের খেলা বর্জনের সমালোচনা করেছেন তিনি, ‘এভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে গণওয়াকওভার আগে দেখিনি। খেলোয়াড়দের মূল কাজ খেলা। এভাবে ওয়াকওভার দেওয়া লজ্জানজক এবং খুবই খারাপ দৃষ্টান্ত। বিদেশি খেলোয়াড়েরা স্তম্ভিত। তাঁরা জিজ্ঞেস করেছেন, ‘কী হচ্ছে তোমাদের দেশে?’টুর্নামেন্ট নিয়ে পরশু সংবাদ ব্রিফিংয়ে ফেডারেশন সভাপতি রুবাবা দৌলা বলেছিলেন, বিষয়টা সমাধানের চেষ্টা চলছে এবং সবার সঙ্গে আলাদা কথা বলে তিনি আশাবাদী, সবাই খেলতে আসবেন। কাল মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।অবস্থা যা, বিদ্রোহী খেলোয়াড়েরা না এলে আজও ওয়াকওভার হবে এবং বাংলাদেশের জন্য লজ্জাটা আরও বাড়বে!