ব্যাডমিন্টনে নানা অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা গত জানুয়ারির। ৩২তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষ এককের তৃতীয় রাউন্ডেই বিদায় নেন চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান। পরাজয়ে হতাশ নারায়ণগঞ্জের খেলোয়াড় এনায়েত বলেছিলেন, ‘ফিকশ্চারে বড় রকমের কারচুপি করা হয়েছে।’একই দল থেকে র‌্যাঙ্কিংসেরা একাধিক খেলোয়াড় অংশ নিলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের আগে যাতে তারা মুখোমুখি না হয় সেটি খেয়াল রেখেই সাধারণত সূচি করা হয়। কিন্তু এবার তা করা হয়নি। নারায়ণগঞ্জের এনায়েত, জাভেদ ও সাজ্জাদকে রাখা হয় একই গ্রুপে। তাঁরা সবাই শীর্ষ সারির খেলোয়াড়। একই গ্রুপে রাখা হয় সর্বশেষ সামার ওপেন চ্যাম্পিয়ন এনামকেও। এতে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষণ একেবারেই কমে যায়। ফেডারেশন কর্তারা সুকৌশলে এক পক্ষকে সুবিধা দিতেই এমনটি করেছেন বলে অভিযোগ।প্রশ্ন উঠেছে, গত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কেন দলগত কোনো ট্রফি দেওয়া হয়নি? অথচ এর আগের সব জাতীয় প্রতিযোগিতাতেই দেওয়া হতো এটা। ট্রফি না দেওয়ার সিদ্ধান্তে কার্যনির্বাহী কমিটির অনুমোদনও ছিল না বলে জানা গেছে।গত ২৪-২৭ জানুয়ারি ভারতের জলপাইগুড়িতে একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন রইসউদ্দিন। কিন্তু অর্জনটা বেমালুম চেপে যাওয়া হয়। নেপথ্য কারণ হিসেবে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়াই জাতীয় দল পাঠানো হয় ভারতে। দলের আরেক খেলোয়াড় মোহাম্মদ আরিফকে এই টুর্নামেন্টে সুযোগ দেওয়ার প্রক্রিয়াটাও ছিল প্রশ্নবিদ্ধ। আরিফকে সেখানে পাঠানোর জন্যই নাকি এমন কারচুপির আশ্রয়! গত অস্থায়ী কমিটি দায়িত্ব নেওয়ার পর চলমান বিএসির (ব্যাডমিন্টন এশিয়া কনফেডারেশন) প্রশিক্ষণ ক্যাম্প থমকে গেছে। অথচ বিএসির অধীনে ছয়টি প্রশিক্ষণ ক্যাম্প থেকে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় উঠে এসেছিল ওই সময়। কমে গেছে খেলোয়াড়দের প্রাইজমানির পরিমাণও। চার লাখ টাকা থেকে এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে তা নেমে এসেছে এক লাখ ২০ হাজারে। এ জন্য খেলোয়াড়েরা উৎসাহ হারিয়ে ফেলেছেন, অনেকেই ক্ষুব্ধ এই সিদ্ধান্তে। এসব অভিযোগ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক যোবায়দুর রহমান (রানা) প্রথমে কথা বলতেই চাননি। পরে অবশ্য তিনি বলেন, ‘আমি এসব বিষয়ে কথা বলতে আগ্রহী নই। কারণ এসবের পেছনে কেউ না কেউ হয়তো ইন্ধন জোগাচ্ছে। কারও ইন্ধনের জন্য আমাদের এসব নিয়ে কথা বলার সময় নেই।’ সূচিতে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন তিনি। আরও বলেছেন, এশিয়ান ব্যাডমিন্টন কনফেডারেশনের কার্যক্রম গত অ্যাডহক কমিটির আগের কমিটির সুপারিশের বাস্তবায়ন। তবে প্রাইজমানি কমে যাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করতে পারেননি, ‘আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমাদের টাকাপয়সার অভাব আছে। টুর্নামেন্টের প্রাইজমানি নির্ভর করে স্পনসরের ওপর। আর ভারতে যাঁরা খেলতে গিয়েছিলেন তাঁদের পাঠানো হয় ইসির (কার্যনির্বাহী কমিটি) সিদ্ধান্তেই।’