ব্যাডমিন্টনে নেই নিট কনসার্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাডমিন্টনের একদা পরাশক্তি বিমান অনেক দিন ধরেই ম্লান। জায়গাটা ধীরে ধীরে দখল করে নিচ্ছিল নিট কনসার্ন ক্লাব। ব্যাডমিন্টনের দলবদলেও প্রতিদ্বন্দ্বিতার আমেজ এনেছিল দলটি। নারায়ণগঞ্জে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন একাডেমিও গড়ে তুলেছে নিট কনসার্ন। শুধু তা-ই নয়, নিজেদের খরচে মালয়েশিয়ায় নিউ ভিশন একাডেমিতে গত দুই বছরে তারা প্রশিক্ষণে পাঠিয়েছে ১৪ জন খেলোয়াড়কে। ব্যাডমিন্টনের বড় পৃষ্ঠপোষকও ছিল নিট কনসার্ন। কিন্তু এখন অনেকটা অভিমানেই সরে যেতে চাইছে ক্রীড়াঙ্গন থেকে।দলটির মালিক জয়নাল আবেদিন মোল্লা জানালেন, ‘এভাবে ব্যাডমিন্টন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু টাকাপয়সা খরচ করে আমরা ফেডারেশন কর্মকর্তাদের খেয়ালখুশির খোরাক হতে চাই না।’ হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? ‘ফেডারেশন কর্মকর্তাদের উচ্ছৃঙ্খল আচরণ, গত ডিসেম্বরে বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে খেলোয়াড়দের ওয়াকওভার, কাউন্সিলরশিপ নিয়ে বিতর্ক—নানা কারণেই আমরা সরে আসতে বাধ্য হচ্ছি। ফেডারেশনে এই মুহূর্তে খেলার কোনো পরিবেশও নেই’—জানালেন জয়নাল আবেদীন। জাতীয় দলের এক নম্বর খেলোয়াড় এবং দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এনায়েতউল্লাহ খান খুবই হতাশ এই সিদ্ধান্তে, ‘নিট কনসার্ন ব্যাডমিন্টন থেকে সরে গেলে সবচেয়ে বড় ক্ষতি হবে আমাদের। আগে বিমানকে চ্যালেঞ্জ জানানোর মতো দল ছিল না। নিট কনসার্ন আসায় খেলোয়াড়েরা টাকাপয়সা পেত, খেলাতে প্রতিদ্বন্দ্বিতা এসেছিল। এখন হয়তো আবারও পিছিয়ে যাবে ব্যাডমিন্টন।’