ভোটাভুটি হলেও ব্যাডমিন্টনের নির্বাচন ছিল নিরুত্তাপ এবং একতরফা
ব্যাডমিন্টনে শেষ পর্যন্ত এমন নির্বাচন!
দীর্ঘ প্রতীক্ষা শেষ। ক্রীড়াঙ্গনে শুরু হয়ে গেল নির্বাচন। সবার আগে গতকাল ছিল ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন। তবে ভোটাভুটি হলেও এই নির্বাচনটা ছিল নিরুত্তাপ এবং একতরফা।গত অ্যাডহক কমিটির বাইরে যাঁরা ছিলেন, তাঁরাই এলেন ব্যাডমিন্টন ফেডারেশন পরিচালনার দায়িত্বে। বিদায়ী কমিটির ছয়জন এসেছেন নবনির্বাচিত কমিটিতে। এঁদের একজন হয়েছেন সহসভাপতি, একজন যুগ্ম সম্পাদক ও চারজন সদস্য।জেলা ও বিভাগীয় ক্রীড়া ফোরামের আশীর্বাদ নিয়ে ২৪টি পদে একটি পরিষদই (শিবলী-রানা পরিষদ) প্রার্থিতা পেশ করে। আটজন বিচ্ছিন্নভাবে প্রার্থী হলেও তাঁদের অনেকে ভোট দিতেও আসেননি। একরকম ফাঁকা মাঠেই জিতে গেছে ফোরাম সমর্থিত একক পরিষদ। সম্প্রতি নানা ঘটনায় ব্যাডমিন্টন অঙ্গন বিভক্ত হয়ে পড়েছিল। এরই সূত্র ধরে গত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রব নির্বাচন করেননি। তবে আলোচিত যুগ্ম সম্পাদক জাহিদুল হক (কচি) ফোরামের পরিষদ থেকে সদস্যপদে নির্বাচিত হয়েছেন।চারটি সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিবলী রুবাইয়াতুল ইসলাম (৬০ ভোট), হেদায়াতুল ইসলাম (৫০), আলমগীর হোসেন (৪৭), আমির হোসেন (৪৪)। শাহাবুদ্দিন ও নুরুল হকের বাক্সে পড়েছে ৬টি করে ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান (৬২)। তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম মেহতাব পেয়েছেন ১টি ভোট। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম জিলানী (৬০) ও শামসুল আরেফিন (৪৫)। মরিয়ম তারেক পেয়েছেন ৪টি ভোট ও কাজী হেফাজত আলী ২টি ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত শফিউর রহমানের (৬০ ভোট) সঙ্গে আবদুস সাকিরের ভোটের ব্যবধানও বিশাল (২)। নির্বাচন হওয়ার কথা ছিল গত ১৯ মার্চ। কিন্তু একপক্ষ (নিট কনসার্নসহ আরও কয়েকটি ক্লাব) মামলা করলে আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ আদালতে গিয়েই নির্বাচন করার অনুমতি আদায় করে।নির্বাচন শেষ পর্যন্ত হলো ঠিকই। তবে এখানেই সব শেষ ভাবার কারণ নেই। নিট কনসার্ন এবং তাদের মিত্ররা আবার আদালতে যাচ্ছে বলে খবর।