ব্যাডমিন্টনেও ফিরছে মোহামেডান
খেলাধুলায় নিজেদের সম্পৃক্ততা আরও বাড়াচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দাবা ও মহিলা হ্যান্ডবলের পর দলটি এবার ফিরতে চায় ব্যাডমিন্টনেও। ১৯৯৮ সালে ঘটনাচক্রে মোহামেডানকে নামিয়ে দেওয়া হয় দ্বিতীয় বিভাগে। ব্যাপারটা গড়িয়েছিল আদালত পর্যন্ত। ২০০৫ সালে প্রথম বিভাগে ফিরে এসে এক বছর খেলার পর মোহামেডান আর ব্যাডমিন্টনে দল গড়েনি।এবার মোহামেডান নতুন আঙ্গিকে ফিরতে আগ্রহী প্রথম বিভাগেই। এ জন্য আবেদন করা হয়েছে ফেডারেশনের কাছে। অনুমতি না মিললে প্রয়োজনে অন্য কোনো দল কিনেও প্রথম বিভাগে খেলার চিন্তা আছে।মোহামেডানের কর্মকর্তা লোকমান হোসেন ভুঁইয়া জানাচ্ছেন, ‘ব্যাডমিন্টন দল গড়ার সব আয়োজনই শেষ করেছি আমরা। স্পনসর চূড়ান্ত। এখন ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষা। মোহামেডান ব্যাডমিন্টনে ফিরতে চায় এবং সেটা সেরা দল গড়েই।’ক্লাবের আরেক পরিচালক সারোয়ার হোসেন দিলেন আরও কিছু উদ্যোগের খবর, ‘আমরা ফুটবলে বি টিম করার কাজ শুরু করেছি। আগামী মাসে ক্লাব আঙিনাতেই অনূর্ধ্ব-১২ স্কুল ফুটবল টুর্নামেন্ট করব। দাবার প্রশিক্ষণ কর্মসূচি চালু করার উদ্যোগও নেওয়া হয়েছে।’