ব্যাডমিন্টনের সভা হ্যান্ডবলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাডমিন্টন ফেডারেশনের গুরুত্বপূর্ণ সভা, অথচ সেটি হলো হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে! পল্টন মাঠে কয়েক শ গজ দূরত্বে দুটি ফেডারেশন থাকলেও কেন নিজেদের কার্যালয়ের বদলে অন্য জায়গায় সভা হয়েছে, সেটা নিয়ে কৌতূহল ছিল স্টেডিয়ামপাড়ায় অনেকেরই।গত সোমবার হওয়ার কথা ছিল ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন। কিন্তু আদালতের নির্দেশে সেটি স্থগিত হয়ে যায়। নির্বাচন আদৌ হবে কি না, নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটির কার্যক্রম কী হবে, সেসব নিয়েই মূলত কাল জরুরি সভায় বসেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রব বলেন, ‘যেহেতু নির্বাচন স্থগিত করা হয়েছে, এখন কী করা উচিত, সেটা নিয়ে আমরা একটু অনিশ্চয়তার মধ্যে আছি। এ ছাড়া আমাদের একটা জুনিয়র প্রতিযোগিতাও হওয়ার কথা ছিল এই সময়ের মধ্যে। গত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটা নিয়েও আলোচনা হয়েছে।’নিজেদের ফেডারেশন থাকতে কেন অন্য ফেডারেশনে এমন জরুরি সভা? মাহবুবুর রবের উত্তর, ‘চার-পাঁচ দিন ধরে উডেনফ্লোর জিমনেসিয়ামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবও এই মুহূর্তে দেশের বাইরে। উনি দেশে না ফেরা পর্যন্ত আমরা নতুন করে সংযোগ নিতে পারছি না। কোহিনুর ভাই (হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক) আমাদের খুব ঘনিষ্ঠ। তাঁকে অনুরোধ করেই এখানে সভা করেছি। এখানে অন্য কিছু ভাবা ঠিক নয়।’